গোপাল সূত্রধর, বালুরঘাট: পিছিয়ে পড়া দক্ষিণ দিনাজপুর জেলার উন্নয়নে একাধিক বড় প্রকল্পের কাজ এগচ্ছে। মেডিক্যাল কলেজ, বিমানবন্দর, বিশ্ববিদ্যালয় সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের পাশাপাশি প্রশাসনিক স্তরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে। এবার সেই সমস্ত প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে দক্ষিণ দিনাজপুর জেলায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনের একটি সূত্র মারফৎ জানা গিয়েছে, আগামী ২ সেপ্টেম্বর জেলায় আসছেন মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারে বালুরঘাট বিমানবন্দরে নেমে রবীন্দ্রভবনে প্রশাসনিক তাঁর বৈঠক করার কথা রয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি। তবে মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে প্রশাসনিক মহলে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, মুখ্যমন্ত্রীর জেলায় আসার কথা রয়েছে। তবে এখনও চূড়ান্ত তারিখের নির্দেশিকা আসেনি।
বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, জেলার উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী জেলায় আসবেন। তিনি জেলায় প্রশাসনিক বৈঠক করবেন। চলতি মাসের শেষের দিকে তাঁর আসার কথা থাকলেও সফরের দিন কিছুটা পিছিয়েছে। সেপ্টেম্বরের প্রথম দিকে মুখ্যমন্ত্রী জেলায় আসবেন।
মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি দক্ষিণ দিনাজপুর জেলায় আসবেন। ফলে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়েছে। জেলা প্রশাসনের আধিকারিকরা মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের স্থান চূড়ান্ত করার কাজ শুরু করেছেন। একইসঙ্গে জেলার বিভিন্ন দপ্তর তাদের উন্নয়নমূলক কাজের অগ্রগতির রিপোর্ট তৈরি করতে শুরু করেছে। জেলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হল বালুরঘাট জেলা হাসপাতালে মেডিকেল কলেজ স্থাপন। ইতিমধ্যেই মেডিকেল কলেজ তৈরির ঘোষণা হয়েছে। তার ডিপিআর প্রস্তুত করা হয়েছে। ফলে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে মেডিকেল কলেজের অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, বালুরঘাট বিমানবন্দর নিয়ে রাজ্য সরকারের সঙ্গে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার একটি সমঝোতাপত্র (মউ) স্বাক্ষরের কথা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের জন্য জমি নির্বাচন ও নতুন বিষয় চালু করা নিয়েও বেশ কিছু জটিলতা রয়েছে। মুখ্যমন্ত্রীর সফরে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে প্রশাসনিক মহলের একাংশের ধারণা। এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প জেলায় কতটা কার্যকর ভাবে চলছে ও সেসবের অগ্রগতি নিয়ে বৈঠকে পর্যালোচনা হতে পারে।
দক্ষিণ দিনাজপুর সীমান্তবর্তী জেলা হওয়ায় সীমান্ত নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলার বেশ কিছু অংশে এখনও কাঁটাতারের বেড়া নেই। সেই সমস্ত এলাকায় কাঁটাতার দেওয়ার কাজ চলছে। সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশাসনিক বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে, জেলার উন্নয়নমূলক প্রকল্পের তালিকায় রয়েছে জাতীয় সড়ককে চার লেনে পরিণত করা। এছাড়াও রয়েছে গঙ্গারামপুরে ইএসআই হাসপাতাল, কুশমণ্ডিতে সুপার স্পেশালিটি হাসপাতাল সহ একাধিক প্রকল্প। ফলে মুখ্যমন্ত্রীর সফরে জেলার পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।