চেন্নাই: এসআইআর ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল চেন্নাই। সম্প্রতি বিরোধীদের মহাজোট ‘ইন্ডিয়া’তে যোগ দেওয়ার পর প্রথমবার পথে নামল বিজয়ের দল টিভিকে। ‘গণতন্ত্রের হত্যা’ আখ্যা দিয়ে জ্ঞানেশের অপসারণ দাবি করেছে তারা। এদিন ভিসিকে দলের প্রতিষ্ঠাতা থোল তিরুমাভালাবান অভিযোগ করেন, গত এপ্রিলের বিধানসভা ভোটে ডিএমকের হার কোনো স্বাভাবিক পরাজয় ছিল না। এসআরআর প্রক্রিয়ার মাধ্যমে সুপরিকল্পিতভাবে ভোট চুরি হয়েছে। বিরোধীদের টার্গেট করতেই নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকার যৌথভাবে এই পরিকল্পনা বাস্তবায়িত করেছে।
এদিন তামিলনাড়ু কংগ্রেস সভাপতি বি মানিকম টেগোরের নেতৃত্বে বিক্ষোভে টিভিকে-র প্রতিনিধি হিসাবে ছিলেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী এ রাজমোহন। এছাড়াও এমডিএমকে প্রতিষ্ঠাতা ভাইকো, সিপিআই (এম) রাজ্য সম্পাদক পি শানমুগম এবং সিপিআই রাজ্য সম্পাদক এম বীরাপান্ডিয়ান সহ মহাজোট ইন্ডিয়ার অন্যান্য নেতারা। পাশাপাশি, বিপুল সংখ্যক কর্মী-সমর্থক কর্মসূচিতে যোগ দেন। তাঁদের দাবি, শুধু তামিলনাড়ুতেই ৯৭ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া সংবিধানকে দুর্বল করেছে। শুধু তাই নয়, গণতান্ত্রিক প্রক্রিয়াকেও ‘হত্যা’ করা হয়েছে। টিভিকে নেতা রাজমোহন বলেন, ‘বিহার, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে এসআইআর চালুর বিরুদ্ধে টিভিকে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে। এই প্রক্রিয়ায় লক্ষ লক্ষ যোগ্য ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। ৩০ বছরের কম বয়সি তরুণ-তরুণী, মহিলা, মুসলিম, আদিবাসী, দরিদ্র ও আর্থিকভাবে দুর্বল এবং প্রান্তিক মানুষকে লক্ষ্য করেই নাম বাদ দেওয়া হয়েছে। এই ঘটনা শুধু গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে তা নয়, নির্বাচন কমিশনের স্বচ্ছতাও প্রশ্নের মুখে পড়েছে।’



