Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬

চাপের মুখে নীরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ন্যায়বিচারের আশ্বাস

সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ। ছাত্র আন্দোলনের উত্তাপে চাপ ক্রমেই বাড়ছে

চাপের মুখে নীরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ন্যায়বিচারের আশ্বাস
  • ৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রাঁচি: সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ। ছাত্র আন্দোলনের উত্তাপে চাপ ক্রমেই বাড়ছে। রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে অনশন শুরু করেছেন ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাত। সমালোচনার মুখে পড়ে অবশেষে নীরবতা ভাঙলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। প্রতিবাদী ছাত্রছাত্রীদের আশ্বস্ত করে মঙ্গলবার তিনি বলেন, ‘আপনারা অবশ্যই ন্যায়বিচার পাবেন। আইনি ও সাংবিধানিক বিধি মেনে প্রয়োজনীয় সব পদক্ষেপই নেবে রাজ্য সরকার। গোটা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।’ 

Advertisement

মুখ্যমন্ত্রীর আশ্বাসের মধ্যেই ছাত্রছাত্রীদের আন্দোলন কর্মসূচি চলছে। রাঁচিতে তাঁদের প্রতিবাদ কর্মসূচি ১১ দিনে পড়েছে। ঝাড়খণ্ড সরকার পরিচালিত পিএসসি ও এসএসসি পরীক্ষায় কেলেঙ্কারির অভিযোগে ইতিমধ্যেই সিবিআই ও ইডি তদন্তের দাবি তুলেছেন তাঁরা। এদিন আন্দোলকারীরা জানান, বাইরের রাজ্যের কোনো হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে নিরপেক্ষ তদন্ত করতে হবে। রাজ্য সরকার সিআইডি তদন্তের নামে চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে। দাবি আদায়ে আগামী ৭ আগস্ট বিধানসভা অভিযানেরও ডাক দেওয়া হয়েছে। প্রতিবাদী পড়ুয়াদের সঙ্গে ইতিমধ্যেই ফোনে কথা বলেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। মহারাষ্ট্রে নিজের বাসভবনে এদিন তিনি বলেন, ‘ঝাড়খণ্ডের প্রতিবাদীদের আন্দোলনস্থলে তাঁবু খাটানোর অনুমতি দেওয়া হচ্ছে না। তাঁদের জন্য পানীয় জল, শৌচাগারের ব্যবস্থাও নেই। যন্তরমন্তরে আমাদের সঙ্গে যেমন আচরণ করা হয়েছিল, ঝাড়খণ্ডের প্রতিবাদীদের সঙ্গেও তেমনটাই চলছে। আমরা ঝাড়খণ্ডের আন্দোলনরত পড়ুয়াদের পাশে আছি।’ রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় কেলেঙ্কারির অভিযোগে সুর চড়িয়েছে ঝাড়খণ্ডের বিরোধী দল বিজেপিও।
শিবু সোরেনের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামগড় জেলার নেমরা গ্রামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, ‘আমাদের সরকার সংবেদনশীল। আমরা ন্যায়বিচারে বিশ্বাসী। সরকার পড়ুয়াদের স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ করবে। তদন্ত চলছে। তদন্তকারী সংস্থাগুলির রিপোর্ট হাতে আসার অপেক্ষা করা হচ্ছে। রাজ্যের মানুষ শীঘ্রই তা জানতে পারবে।’
জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে সিআইডি এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে ক্রমবর্ধমান প্রতিবাদের মুখে কমিশন ‘অনিবার্য পরিস্থিতি’র কারণ দেখিয়ে কম্বাইনড সিভিল সার্ভিসেস মেইনস পরীক্ষা স্থগিত করেছে। সিআইডি ইতিমধ্যেই প্রাক্তন জেপিএসসি চেয়ারম্যান এল খিয়াংতেকে চারবার জিজ্ঞাসাবাদ করেছে। নিয়োগ অনিয়মের তদন্তে নেমে রাঁচি, পালামৌ, হাজারিবাগ, বোকারো ও ধানবাদের ১৮টি জায়গায় অভিযান চালিয়েছেন তদন্তকারীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ