Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ইউএপিএ প্রয়োগের সিদ্ধান্ত নেবে প্রধান বিচারপতির বেঞ্চ

বেলডাঙা অশান্তি সংক্রান্ত মামলার শুনানি থেকে সরে দাঁড়াল কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

ইউএপিএ প্রয়োগের সিদ্ধান্ত নেবে প্রধান বিচারপতির বেঞ্চ
  • ২২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  বেলডাঙা অশান্তি সংক্রান্ত মামলার শুনানি থেকে সরে দাঁড়াল কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। মামলা ফেরত পাঠানো হল প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে। মঙ্গলবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহরায়ের ডিভিশন বেঞ্চে বেলডাঙা মামলার শুনানি হয়। শুনানিতে বিচারপতি বন্দ্যোপাধ্যায় জানান, এই মামলায় ইউএপিএ (বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন)-এর ১৫ ধারা প্রযোজ্য হবে কি না, সেই সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি। তাই এই মামলার শুনানি এই বেঞ্চে সম্ভব নয় বলে জানিয়েছেন বিচারপতি বন্দ্যোপাধ্যায়। বেলডাঙায় অশান্তির ঘটনায় অভিযুক্তদের জামিন বাতিলের আরজি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। কয়েকদিন আগেই শর্তসাপেক্ষে ১৫ জনের জামিন মঞ্জুর করে এনআইএর বিশেষ আদালত। এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই বিচারপতি বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি সিংহরায়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। সেই মামলা থেকে সরে দাঁড়াল বেঞ্চ। বেলডাঙা মামলায় এনআইএর কড়া বিরোধিতাতেও নিম্ন আদালতে জামিন পেয়ে গেলেন শেষ অভিযুক্ত। তিনি মতিউর রহমান। মোট ৩২ জন অভিযুক্ত জামিন পেলেন। মঙ্গলবার কলকাতার বিচারভবনের এনআইএর বিশেষ আদালতের বিচারক সুকুমার রায় জামিন মঞ্জুর করেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ