Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

ছন্দ ধরে রাখাই লক্ষ্য,  মন্তব্য আনোয়ারের

ছন্দ ধরে রাখাই লক্ষ্য,  মন্তব্য আনোয়ারের
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড়দিনের সকাল। উৎসবের মেজাজে কলকাতা। কিন্তু যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে ইস্ট বেঙ্গলের অনুশীলনে তার কোনও ছাপ নেই। শনিবার আইএসএলের অ্যাওয়ে ম্যাচে আনোয়ারদের প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। তাই গা ছাড়া মনোভাবের জায়গা নেই। ব্যর্থতার কানাগলি থেকে বহু কষ্টে সাফল্যের হদিশ পেয়েছেন শৌভিক চক্রবর্তীরা। এবার সেই ছন্দ ধরে রাখার লড়াই। তাই প্রস্তুতিতে খামতি রাখতে নারাজ মশাল বাহিনী। অস্কার ব্রুজোঁ জমানায় শেষ পাঁচ ম্যাচে চারটিতে জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে ইস্ট বেঙ্গল।  ১২ ম্যাচে তাদের পয়েন্ট ১৩। হায়দরাবাদে বছরের শেষ ম্যাচ খেলবে লাল-হলুদ ব্রিগেড। নিজামের শহরে জিতে ১৬ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে মরিয়া গোটা দল।
Advertisement
শেষ ম্যাচে ঘরের মাঠে নর্থইস্টের কাছে পাঁচ গোল খেয়েছে হায়দরাবাদ। ১২ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ইস্ট বেঙ্গলের পরেই রয়েছে তারা। তবে প্রতিপক্ষকে হালকা ভাবে নিচ্ছেন না কোচ ব্রুজোঁ। আটঘাট বেঁধেই চারমিনারের শহরে পা রাখছে মশাল বাহিনী। বুধবার অনুশীলনের আগে বেশ কিছুক্ষণ ড্রেসিং রুমে ফুটবলারদের সঙ্গে কথা বলেন স্প্যানিশ কোচ। এরপর শুরু অনুশীলন। দৌড়, স্ট্রেচিং ও পাওয়ার ট্রেনিংয়ের করে মাঠ ছাড়লেন দিয়ামানতাকোস, নন্দকুমার, বিষ্ণু। সূত্রের খবর, নিছকই বিশ্রাম দেওয়ার জন্য অনুশীলন থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁদের। আসলে লাল-হলুদে গোল করার ফুটবলারের  অভাব। তাই চোটপ্রবণ গ্রিক স্ট্রাইকারকে তুলোয় মুড়ে রাখছে ম্যানেজমেন্ট। আর নন্দ ও বিষ্ণু টানা ম্যাচ খেলছেন। ক্লান্তি এড়াতেই তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছে। 
কার্ড সমস্যায় হায়দরাবাদ ম্যাচে হেক্টর ইউস্তেকে পাবেন না কোচ ব্রুজোঁ। গত দু’টি ম্যাচে ব্লকার পজিশনে খেলা আনোয়ার আলিকে তাই ডিপ ডিফেন্সে ফেরাচ্ছেন স্প্যানিশ কোচ।  এদিন মাঠ ছাড়ার সময় আনোয়ার বলেন, ‘দলের প্রয়োজনে যে কোনও জায়গায় খেলতে রাজি।  যে পজিশনেই কোচ খেলাবেন সেরাটা মেলে ধরব। কারণ জিততে আমাদের হবেই।’ একই মত শৌভিকের। বঙ্গসন্তানের সংযোজন, ‘ফিরে তাকানো চলবে না। তাই ধারাবাহিকতা বজায় রাখতে হলে তিন পয়েন্ট চাই চাই।’ গত আইএসএলে হোম ও অ্যাওয়ে, দু’টি ম্যাচেই হায়দরাবাদকে হারায় ইস্ট বেঙ্গল। এবার পরিস্থিতি অনেকটাই আলাদা। ম্যাচ জিতলে নতুন বছরে তা বাড়তি অক্সিজেনের কাজ করবে।   
সম্পর্কিত সংবাদ