Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

গানের মতো করে বাংলা শিখলেন ছায়া

মারাঠি ছবির জগতে প্রতিষ্ঠিত ছায়া কদম। গত কয়েক বছরে বলিউডেও তিনি জনপ্রিয় হয়েছেন। বিশেষ করে ‘লাপাতা লেডিজ’ ছবির পর তাঁর পরিচিতি সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে

গানের মতো করে বাংলা শিখলেন ছায়া
  • ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 মারাঠি ছবির জগতে প্রতিষ্ঠিত ছায়া কদম। গত কয়েক বছরে বলিউডেও তিনি জনপ্রিয় হয়েছেন। বিশেষ করে ‘লাপাতা লেডিজ’ ছবির পর তাঁর পরিচিতি সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। নেটফ্লিক্সে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘গান্ধারী’ ছবিতে ছায়া ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করেছেন। দেবাশিস মাখিজা পরিচালিত এই অ্যাকশন থ্রিলারের মূল চরিত্রে তাপসী পান্নু। 

Advertisement

এই ছবিতে ছায়ার চরিত্র ‘উমা’ বাঙালি। সেজন্য রীতিমতো বাংলার ক্লাস করেছেন। অভিনেত্রী বলেন, ‘আমার সব সময়ই নতুন বা আলাদা কিছু করতে ভালো লাগে। শুধু অভিনয় করলেই তো হয় না, কাজের মধ্যে কিছু শেখারও থাকতে হয়। এই চরিত্রটি আলাদা হওয়ার পাশাপাশি বাংলা শেখার সুযোগটাও আমি খুব উপভোগ করেছি। বাংলা ভাষা ও উচ্চারণ শেখার জন্য সুশ্রুত চট্টোপাধ্যায়ের কাছে ক্লাস করেছিলাম। সংলাপ মুখস্থ করার বদলে ছন্দের সঙ্গে, গানের মতো করে বারবার বললে সহজে মনে থাকত, এই প্রক্রিয়াটাও আমার খুব ভালো লেগেছে।’
‘লার্জার দ্যান লাইফ’-এর চেয়ে সমাজ থেকে উঠে আসা সাধারণ মানুষের চরিত্র ছায়াকে বেশি আকৃষ্ট করে। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘নায়ক-নায়িকার গল্পের চেয়ে আমার সব সময় সাধারণ মানুষের গল্প বলতে বেশি ভালো লাগে। গল্পে সব সময় মানুষ জেতে না, তার কষ্ট হয়, হেরে যাওয়ার ভয়ও থাকে। এমন চরিত্রে অভিনয় করতে আমার বেশি ভালো লাগে।’
তাহলে কি বাণিজ্যিক সিনেমা করতে নারাজ ছায়া? হেসে বললেন, ‘আলাদা ধরনের গল্পে অভিনয় করতে ভালো লাগে ঠিকই, তবে একজন অভিনেতা হিসেবে নিজের তৈরি ‘টাইপ’-এর গণ্ডি থেকে বেরোতে চাই। সেটি বাণিজ্যিক সিনেমা হলেও আপত্তি নেই।’
দেবারতি ভট্টাচার্য • মুম্বই

Advertisement
সম্পর্কিত সংবাদ