লন্ডন: ছ’বছরের সম্পর্ক ছিন্ন করে অ্যাস্টন ভিলাকে বিদায় জানালেন এমিলিয়ানো মার্তিনেজ। রবিবার দু’বছরের চুক্তিতে চেলসিতে যোগ দেন এই আর্জেন্তাইন গোলরক্ষক। দুপুরেই আনুষ্ঠানিক ভাবে তাঁর নাম ঘোষণা করে লন্ডনের ক্লাবটি। আর বিকালেই দ্য ব্লু’জের হয়ে ইপিএলের ম্যাচে নেমে পড়লেন মার্তিনেজ। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ব্রাইটনের বিরুদ্ধে চেলসির জার্সিতে অভিষেক ঘটল তাঁর। জয় দিয়ে শুরুটা হলেও প্রথম ম্যাচেই তিন গোল হজম করতে হয়েছে তাঁকে। রুদ্ধশ্বাস ম্যাচ ৪-৩ গোলে জিতে মাঠ ছাড়ে চেলসি। জাবি আলোন্সো-ব্রিগেডের হয়ে জাল কাঁপান যথাক্রমে রোমেও লাভিয়া, পেড্রো নেটো, হোয়াও পেড্রো ও কোল পামার। ব্রাইটনের দুই গোলদাতা মালিক ইয়ালকুয়ে ও পাসকাল গ্রোব। অপরটি হোয়াও পেড্রোর আত্মঘাতী।
গত মরশুমটা মোটেই ভালো কাটেনি চেলসির। এফএ কাপের ফাইনালে পৌঁছালেও ট্রফিহীন থাকতে হয়েছে। মরশুমের মাঝপথে কোচ বদলেও কোনো লাভ হয়নি। তাই নতুন মরশুমে জাবি আলোন্সোর হাত ধরে ঘুরে দাঁড়াতে মরিয়া লন্ডনের ক্লাবটি। লিগের প্রথম দু’টি ম্যাচেই সেই প্রয়াস দেখা দিয়েছে ফুটবলারদের মধ্যে।
এদিকে, অন্য ম্যাচে ব্রুনো ফার্নান্ডেজের হ্যাটট্রিকের সুবাদে ইপসউইচ টাউনকে ৫-২ ব্যবধানে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। অথচ, ওল্ড ট্র্যাফোর্ডে রবিবার ২৯ মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিল ইপসউইচ। তারপরই শুরু ব্রুনোর ম্যাজিক। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড অধিনায়ক ৪০ মিনিটে ফেরান সমতা (১-১)। ৫৬ মিনিটে জেকব গ্রিভেসের আত্মঘাতী গোলে এগিয়ে (২-১) যায় রেড ডেভিলসরা। এরপর ৬১ মিনিটে পেনাল্টি থেকে ৩-১ করেন ব্রুনো। ৬৮ মিনিটে আসে হ্যাটট্রিক। যা ম্যান ইউ’র হয়ে তাঁর দ্বিতীয় হ্যাটট্রিক। ঐতিহ্যবাহী ক্লাবের হয়ে ব্রুনোর মোট গোলসংখ্যা ১১০। এরমধ্যে প্রিমিয়ার লিগে তাঁর গোলের সংখ্যা ৭৩টি। ৮২ মিনিটে ম্যানেঞ্চস্টারের পঞ্চম গোলটি ব্রায়ানের। সংযোজিত সময়ে ব্যবধান কমান ইপসউইচের একপম।