নিউইয়র্ক: হার দিয়ে দীর্ঘ ফুটবল কেরিয়ারে যবনিকা টানলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। শনিবার ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে চেলসির কাছে ১-৪ গোলে বশ মানল বেনফিকা। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েও নির্ধারিত সময়ের সংযোজিত সময়ে আর্জেন্তাইন উইঙ্গারের গোলে সমতায় ফেরে পর্তুগিজ ক্লাবটি। তবে অতিরিক্ত সময়ে একচেটিয়া দাপটে জয় ছিনিয়ে নেয় চেলসি। ম্যাচে বিজয়ী দলের চার গোলদাতা যথাক্রমে রিসে জেমস, ক্রিস্টোফার এনকুকু, পেড্রো নেতো ও কিয়েরনান ডেসবুরি-হল। উল্লেখ্য, ম্যাচের ৯২ মিনিটে লাল কার্ড দেখেন বেনফিকার গিয়ানলুকা প্রেসতিয়ানি। সেই সুযোগ কাজে লাগায় চেলসি। টুর্নামেন্টের শেষ আটে পৌঁছল পামেইরাসও। স্বদেশীয় ক্লাব বোতাফোগোকে ১-০ গোলে হারাল তারা। ম্যাচের জয়সূচক গোলটি পাওলিনহোর।



