Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement

ক্যামেরার নয়, অ্যাঙ্গেল বদলান হৃদয়ের: প্রিয়াঙ্কা, সরাসরি প্রধানমন্ত্রী মোদিকে কটাক্ষ

জেন জি’র আন্দোলনে কোণঠাসা প্রধানমন্ত্রী গত কয়েকদিনে তিনবার সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো বার্তা পোস্ট করেছেন।

ক্যামেরার নয়, অ্যাঙ্গেল বদলান হৃদয়ের: প্রিয়াঙ্কা, সরাসরি প্রধানমন্ত্রী মোদিকে কটাক্ষ
  • ২৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: জেন জি’র আন্দোলনে কোণঠাসা প্রধানমন্ত্রী গত কয়েকদিনে তিনবার সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো বার্তা পোস্ট করেছেন। কিন্তু প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে সংশোধনী বিলের আলোচনায় মঙ্গলবার লোকসভায় গরহাজির রইলেন। ছিলেন না অমিত শাহও। অথচ এদিন সংসদের ক্যান্টিন ‘সঙ্গম-ওয়ানে’ বসে বিজেপি-এনডিএ সাংসদদের সঙ্গে খোশ গল্প করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মোদি রইলেন সংসদে প্রধানমন্ত্রীর কক্ষে। তাই সংসদে এসেও সভায় না আসায় সমালোচনার সুর চড়ল বিরোধীদের। ‘দ্য পাবলিক এক্সমিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’  নিয়ে চর্চা হলেও বিরোধীদের নিশানা ছিল মোদি-শাহই। 

Advertisement

বিরোধীদের প্রশ্ন, ২০২৪ সালে আইন আনার পরেও কেন প্রশ্ন ফাঁস আটকানো যায়নি? এখন সেই আইনেরই সংশোধনী এনে কি প্রশ্ন ফাঁস আটকানোর গ্যারান্টি দিতে পারবে মোদি সরকার? গৌরব গগৈ বললেন, এটা লোকদেখানো বিল। নতুন বিলে পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা, ব্যক্তির বিরুদ্ধে সাজা এবং শাস্তির পরিমাণ বাড়লেও সরকারের কারো ওপর কোনো কড়া ব্যবস্থার কথা কেন নেই? ছাত্র-যুবর ওপর যেভাবে বর্বরতা হয়েছে, তা জরুরি অবস্থার চেয়েও খারাপ বলে তোপ দাগলেন অখিলেশ। সুযোগ পেয়ে প্রিয়াঙ্কা গান্ধী সরকার এবং বিজেপিকে নাস্তানাবুদ করলেন। নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশি দুষ্কর্মকারীদের সমর্থক বললেন প্রিয়াঙ্কা। যার ফলে সরকার-বিরোধীদের লেগে গেল বচসা। সামাল দিলেন স্পিকার। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে প্রিয়াঙ্কার প্রস্তাব, ‘জেন জি’র মন জয়ে নতুন নতুন অ্যাঙ্গেলে নতুন নতুন ভিডিও বানালে হবে না। ক্যামেরার অ্যাঙ্গেল নয়। হৃদয়ের অ্যাঙ্গেল বদলান।’ বললেন, যে শিক্ষামন্ত্রী ছাত্র-যুবর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেললেন, সেই ধর্মেন্দ্র প্রধানকে বিজেপি সাংসদরা সংসদে এমনভাবে স্বাগত জানালেন, যেন কোনো সুপারস্টার! সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে প্রিয়াঙ্কার মন্তব্য, তরুণরা হতাশ হওয়া মানে আদতে ভারতের হার। কংগ্রেস প্রাণ দিয়ে দেবে, কিন্তু ভারতের হার হতে দেবে না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ