Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা চন্দ্রশেখরণের

ফের প্রকাশ্যে টাটা গোষ্ঠীর অন্তর্কলহ! টাটা সন্সের চেয়ারম্যান হিসাবে এন চন্দ্রশেখরণের পুনর্নিয়োগে আপত্তি জানিয়েছেন টাটা ট্রাস্টের চেয়ারম্যান নোয়েল টাটা।

টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা চন্দ্রশেখরণের
  • ১৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ফের প্রকাশ্যে টাটা গোষ্ঠীর অন্তর্কলহ! টাটা সন্সের চেয়ারম্যান হিসাবে এন চন্দ্রশেখরণের পুনর্নিয়োগে আপত্তি জানিয়েছেন টাটা ট্রাস্টের চেয়ারম্যান নোয়েল টাটা। এই নিয়ে বেশ কিছু দিন ধরে টানাপোড়েন চলছে। আগামী সপ্তাহে মঙ্গলবার বসতে চলেছে টাটা গোষ্ঠীর বার্ষিক সাধারণ সভা। সেখানেও এই ইস্যুতে আলোচনা উত্তাল হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু তার আগেই বুধবার ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। তাঁর কথায়, ‘২০২৭ সালের ২০ ফেব্রুয়ারি আমার মেয়াদ শেষ হচ্ছে। পুনরায় নিয়োগের জন্য আর তদ্বির করব না বলে আমি সিদ্ধান্ত নিয়েছি।’ টাটা গোষ্ঠীর সঙ্গে তাঁর ৪০ বছরের যাত্রাপথে যে সুযোগ পেয়েছেন, তাতে খুশি বলে জানিয়েছেন এই কর্পোরেট কর্তা। চন্দ্রশেখরণের এই সিদ্ধান্ত সামনে আসার পরেই টাটা গোষ্ঠীর একাধিক শেয়ারের দাম পড়তে শুরু করে। টিসিএসের শেয়ার দর পড়েছে ৫.৭ শতাংশ। টাটা মোটরস প্যাসেঞ্জারস ভেহিকলের ক্ষেত্রে তা ৪.১১ শতাংশ, টাটা কনজিউমার প্রোডাক্টসে ২.৮৫ শতাংশ। টাটা গোষ্ঠীর অন্তর্গত ৩০টির বেশি সংস্থার নিয়ন্ত্রণ রয়েছে টাটা সন্সের হাতে। ১৯৮৭ সালে টাটা গোষ্ঠীতে যোগ দেন চন্দ্রশেখরণ। ২০০৯ সালে তিনি টিসিএসের সিইও হন। ২০১৭ সালে টাটা সন্সের দায়িত্ব গ্রহণ করেন। নোয়েল টাটার সঙ্গে মতপার্থক্যের জেরেই যে ইস্তফা, তা ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন তিনি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ