Bartaman Logo
৮ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ-কাল ঝড়বৃষ্টির সম্ভাবনা, বিদায়লগ্নেও বর্ষার ভ্রূকুটি বঙ্গে

বিদায়লগ্নেও বৃষ্টি ছাড়ছে না বাংলাকে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্রগর্ভ মেঘ জমে বিক্ষিপ্তভাবে বজ্রপাতসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে।

আজ-কাল ঝড়বৃষ্টির সম্ভাবনা, বিদায়লগ্নেও বর্ষার ভ্রূকুটি বঙ্গে
  • ৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিদায়লগ্নেও বৃষ্টি ছাড়ছে না বাংলাকে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্রগর্ভ মেঘ জমে বিক্ষিপ্তভাবে বজ্রপাতসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ কয়েকটি জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে আছে পূর্ব বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর ও জলপাইগুড়ি জেলা। বুধবার রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ জমা হয়। আবহাওয়াবিদরা বলছেন, এরকম পরিস্থিতি হয় বর্ষা বিদায়ের সময়। মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়লেও রাজ্যের কাছাকাছি ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। বাতাসের নীচের স্তরে বেশি পরিমাণ জলীয় বাষ্প থাকার জন্য মেঘ তৈরি হচ্ছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে এটা আরও সহায়ক হয়েছে। যেখানে শক্তিশালী মেঘ সৃষ্টি হচ্ছে সেখানে বেশি বৃষ্টি হচ্ছে। যেমন বুধবার সকাল পর্যন্ত উত্তর ২৪ পরগনার বারাকপুরে ৪৬ মিমি, মুর্শিদাবাদের আমতলায় ৩৯ মিমি এবং পুরুলিয়ায় ২৪ মিমি বৃষ্টি হয়েছে। 

Advertisement

কলকাতায় (আলিপুরে) এদিন সকাল থেকে  বিকেল পর্যন্ত ৪৭ মিমি বৃষ্টি হয়েছে।  রাজ্য থেকে বর্ষা বিদায় হবে কবে, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর তার নির্দিষ্ট পূর্বাভাস এখনো দেয়নি। আগামী দু-তিনদিনের মধ্যে মহারাষ্ট্র, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও কর্ণাটকের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিতে পারে বলে জানানো হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ