Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল: আজ আর্সেনালের রক্ষণের সঙ্গে লড়াই পিএসজি’র আপফ্রন্টের

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি পিএসজি এবং আর্সেনাল।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল: আজ আর্সেনালের রক্ষণের সঙ্গে লড়াই পিএসজি’র আপফ্রন্টের
  • ৩০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সোমনাথ বসু, কলকাতা: শনিবার বুদাপেস্টের পুসকাস এরিনায় ধুন্ধুমার ফুটবল দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি পিএসজি এবং আর্সেনাল। গত মরশুমে ইন্তার মিলানকে হারিয়ে প্রথমবার ইউরোপ সেরার স্বাদ পায় লুই এনরিকের দল। এবার তাই খেতাবরক্ষার বাড়তি তাগিদ দেখাবে তারা। অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগ এখনও অধরা আর্সেনালের কাছে। ২০০৬ সালে প্যারিসের মাটিতে আয়োজিত ফাইনালে বার্সেলোনার কাছে বশ মানে আর্সেন ওয়েঙ্গারের দল। সেই খরা কাটিয়ে ওঠার সোনার সুযোগ এবার মিকেল আর্তেতার কাছে। কোনো সন্দেহ নেই যে, তাঁর প্রশিক্ষণেই আর্সেনালের ভোল বদলেছে। অতীতে ফুটবলার তৈরি করার কারখানা ছিল এমিরেটস স্টেডিয়াম। তারপর তাঁদের চড়া দামে অন্য ক্লাবে বিক্রি করা হত। কিন্তু আর্তেতা দায়িত্ব নেওয়ার পর আর্সেনালকে ট্রফি হান্টিং ক্লাবের তকমা দেন বিশেষজ্ঞরা। চলতি মরশুমে ইংলিশ প্রিমিয়ার লিগও জিতেছে আর্তেতার দল। শনিবার পিএসজি’কে হারাতে পারলেই ‘ডাবল’-এর স্বাদ পাবে তারা। কিন্তু ট্রফি এবং আর্সেনালের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন ২৯ বছর বয়সি এক ফরাসি। নাম ওসুমানে ডেম্বেলে। চলতি মরশুমে স্বপ্নের ফর্মে রয়েছেন এই কৃষ্ণাঙ্গ উইঙ্গার। উল্লেখ্য, গত মরশুমে ফিফার বর্ষসেরা এবং ব্যালন ডি’ওর জিতেছেন তিনি। তবে চলতি মরশুমে আর্সেনালের রক্ষণ যথেষ্ট জমাট। ইপিএলে ৩৮টি ম্যাচে মাত্র ২৭টি গোল হজম করেছে তারা। তাই শনিবার আর্তেতা-ব্রিগেডের রক্ষণের সঙ্গে লড়াই পিএসজি’র আপফ্রন্টের।

Advertisement

এবার চ্যাম্পিয়ন্স লিগের দিকে তাকালে বোঝা যাবে, ধারাবাহিকতার নিরিখে পিএসজি’র থেকে আর্সেনাল বেশ কিছুটা এগিয়ে। ফাইনালে ওঠার পথে নক-আউট প্লে-অফ খেলতে হয়েছে এনরিকে-ব্রিগেডকে। পক্ষান্তরে, সরাসরি টেবিলের শীর্ষে থেকে সরাসরি রাউন্ড অব সিক্সটিনে প্রতিনিধিত্ব করেছে আর্সেনাল। কিন্তু এটাও ঠিক যে, গত তিনটি ম্যাচে কঠিন চ্যালেঞ্জ সহজে অতিক্রম করেছে পিএসজি। চেলসি ও লিভারপুলের মতো প্রিমিয়ার লিগের দু’টি দল এবং ছন্দে থাকা বায়ার্ন মিউনিখকে হারিয়ে প্রতিযোগিতার শেষ ধাপে পৌঁছেছে তারা। আর বেয়ার লেভারকুসেন, স্পোর্টিং সিপি এবং আতলেতিকো মাদ্রিদের চ্যালেঞ্জ টপকে পুসকাস এরিনার টিকিট পেয়েছে আর্তেতার দল।
শনিবারের ফাইনালে কে এগিয়ে? চায়ের কাপে তুফান তুলে বিশেষজ্ঞরা অনেক কিছুই বলছেন। মস্তিষ্ক এবং যুক্তি বলছে, এগিয়ে পিএসজি। কিন্তু মন ও আবেগের সংমিশ্রণ অবশ্যই আর্সেনালের দিকে। কারণ, এই ট্রফি তারা কোনোদিন পায়নি এবং ইউরোপ সেরার মতোই এবার খেলছে তারা। তবে সদ্য প্রিমিয়ার লিগ জেতা ইংল্যান্ডের ক্লাবটির প্রথম এবং প্রধান প্রতিবন্ধকতা হল আত্মতুষ্টি। ২২ বছর পর ইপিএল জিতে কি ফোকাস এতটুকু নড়েনি ওডেগার্ড-ট্রোসার্ডদের? কোচ আর্তেতা অবশ্য এই ব্যাপারে অত্যন্ত সতর্ক। ফুটবলারদের বারবার তিনি বলেছেন, ‘তোমাদের কাজ এখনও শেষ হয়নি। লিগ জয় অবশ্যই প্রশংসার যোগ্য। কিন্তু ইউরোপ সেরা হতে পারলে তোমরা ইতিহাসে স্থান পাবে।’ সবচেয়ে বড় ব্যাপার, আর্সেন ওয়েঙ্গার কিছুটা হলেও এগিয়ে রেখেছেন তাঁর উত্তরসূরিকেই। আর্সেনালের কিংবদন্তি বলেছেন, ‘২০০৬’এর ফাইনাল ভোলা সম্ভব নয়। সেদিন লিড নিয়েও হার মানতে হয়েছিল। শনিবার ফাইনাল অবশ্যই ফিফটি-ফিফটি। কিন্তু বাজি ধরতে বলে আমি আর্সেনালকেই বেছে নেব।’
পিএসজি’র ধনকুবের মালিক নাসের আল খালেফি আবার ফাইনালের আগে ঘোষণা করেছেন, টানা দু’বার ইউরোপ সেরা হতে পারলে কোচ-ফুটবলাররা বাড়তি অর্থ পাবেন। ভিটামিন ‘এম’ তাই ভিতিনহা-রুইজদের বাড়তি উদ্দীপ্ত করবে। তাছাড়া কোচ লুই এনরিকে যথেষ্ট অভিজ্ঞ। উইং দিয়ে ঝড় তুলে তিনি আর্সেনাল রক্ষণ ভাঙতে চাইবেন। তাই বিপক্ষ আক্রমণ রুখতে গ্যাব্রিয়েল-সালিবাদের কাঁধে কাঁধ দিয়ে লড়তে হবে। তবে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে চোটের কারণে খেলতে পারেননি আচরাফ হাকিমি। ফাইনালেও অনিশ্চিত তিনি। যা কিছুটা চিন্তায় রাখছে কোচ এনরিকেকে। পক্ষান্তরে, আর্তেতা নিশ্চয়ই চাইবেন ৪-৩-২-১ ফর্মেশনে দল সাজিয়ে মাঝমাঠে আধিপত্য বিস্তার করতে। আর এনরিকের লক্ষ্য থাকবে, প্রথম ১৫-২০ মিনিট আর্সেনালকে পরখ করে নিয়ে আক্রমণে ঝাঁপানো। তাঁর পছন্দের ফর্মেশন ৪-৩-৩। এখন দেখার, কোচের পরিকল্পনা কোন দল মাঠে বাস্তবায়িত করতে পারে। অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। 
পিএসজি’র সম্ভাব্য প্রথম একাদশ: সাফোনভ, এমিরে, মার্ক্যুনহোস, পাচো, নুনো, রুইজ, ভিটিনহা, নেভেস, ডুয়ো, কাভার্টসখেলিয়া, ডেম্বেলে।
আর্সেনালের সম্ভাব্য প্রথম একাদশ: রায়া, মসকুয়েরা, সালিবা, গ্যাব্রিয়েল, হিনক্যাপি, লুইস, ডেকলান, ওডেগার্ড, ট্রোসার্ড, সাকা, ভিক্টর।
 খেলা শুরু রাত ৯-৩০ মিনিটে। 
সম্প্রচার সোনি স্পোর্টসে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ