Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিভেদ ভুলে এগিয়ে চলাই দেবাশিস-সৃঞ্জয়ের চ্যালেঞ্জ

প্রত্যাশামতোই মোহন বাগানের সভাপতি নির্বাচিত হলেন দেবাশিস দত্ত। সোমবার ক্লাবের নতুন কার্যকরী সমিতির প্রথম বৈঠকে সভাপতির নাম গৃহীত হয়।

বিভেদ ভুলে এগিয়ে চলাই দেবাশিস-সৃঞ্জয়ের চ্যালেঞ্জ
  • ১৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রত্যাশামতোই মোহন বাগানের সভাপতি নির্বাচিত হলেন দেবাশিস দত্ত। সোমবার ক্লাবের নতুন কার্যকরী সমিতির প্রথম বৈঠকে সভাপতির নাম গৃহীত হয়। একইসঙ্গে পাঁচজন সহ-সভাপতিও বেছে নিলেন কমিটির সদস্যরা। কুণাল ঘোষ, শৌমিক বসু, উত্তম সাহা, মানস ভট্টাচার্য ও দেবাশিস মিত্র ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন। কয়েকদিন আগেই মোহন বাগান সচিব পদে সৃঞ্জয় বসুর নাটকীয় প্রত্যাবর্তন ঘটেছিল। শতাব্দীপ্রাচীন ক্লাবের সংবিধান অনুযায়ী কার্যকরী সমিতির প্রথম বৈঠকে সভাপতি বেছে নেওয়া হয়। সেইমতো সপ্তাহের প্রথম দিন ক্লাব তাঁবুতে বৈঠকে বসে নতুন কমিটি। এরপর সাংবাদিক সম্মেলনে সভাপতির নাম ঘোষণা করেন সচিব। নবনির্বাচিত সভাপতি দেবাশিস দত্ত জানান, ‘সদস্য-সমর্থকদের প্রত্যাশার চাপ সামলানোই কমিটির বড় চ্যালেঞ্জ। বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে চাই।’ অন্যদিকে সৃঞ্জয়ের মন্তব্য, ‘আমরা মোহন বাগানী। এটাই সবচেয়ে বড় পরিচয়। সদস্য- সমর্থকদের পরিষেবার দিকে নজর দেওয়াই লক্ষ্য।’ পাশাপাশি সঞ্জয় ঘোষ, দেবাশিস রায় ও অরিজিৎ ব্যানার্জিকে কো-অপ্ট করা হয়। এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানো হয় নতুন কমিটির পক্ষ থেকে।

Advertisement

মোহন বাগান ক্লাব রাজনীতিতে দেবাশিসের উত্থান ধূমকেতুর মতোই। তিন দশকে ফুটবল আহ্বায়ক থেকে ধাপে ধাপে উত্তরণ। অর্থ-সচিব, সচিবের পর এবার ক্লাবের সর্বোচ্চ পদেও আসীন হলেন দেবাশিস দত্ত। এদিন আতসবাজি, ফুল, মালা, মিষ্টিমুখে সভাপতিকে বরণ করে নেন সদস্যরা। ক্লাব তাঁবুতে একে অন্যকে মিষ্টিমুখ করান সৃঞ্জয় ও দেবাশিস। নির্বাচনী আবহে যুযুধান দুই গোষ্ঠী আপাতত একসাথেই ক্লাব চালানোর দায়িত্ব পালন করবে। গত কয়েক মাসের চূড়ান্ত নাটক ও বিভেদের অবসানে আপাতত স্বস্তির নিশ্বাস মোহন বাগান তাঁবুতে। বিতর্ক দূরে সরিয়ে দ্রুত কাজ শুরু করে দিতে চাইছে কমিটি। মোহন বাগানের সংবিধান ও নিয়মাবলী খতিয়ে দেখে প্রয়োজনীয় পরিবর্তনের দায়িত্ব থাকছে প্রাক্তন বিচারপতি অসীম রায়ের উপর। এছাড়া মোহন বাগান সুপার জায়ান্টস কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গেও আলোচনা চান কর্তারা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ