Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রথযাত্রার আনন্দে মাতোয়ারা হলদিয়ার চকদ্বীপা পূর্বপল্লি

রথযাত্রার আনন্দে মেতে উঠলেন হলদিয়া পুরসভার ১৮নম্বর ওয়ার্ডের চকদ্বীপা পূর্বপল্লির বাসিন্দারা। চকদ্বীপা পূর্বপল্লির জগন্নাথদেবের রথযাত্রা ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে হলদিয়ার গ্রাম ও শহরজুড়ে।

রথযাত্রার আনন্দে মাতোয়ারা হলদিয়ার চকদ্বীপা পূর্বপল্লি
  • ২৮ জুন, ২০২৫ ০৪:০০

সংবাদদাতা, হলদিয়া: রথযাত্রার আনন্দে মেতে উঠলেন হলদিয়া পুরসভার ১৮নম্বর ওয়ার্ডের চকদ্বীপা পূর্বপল্লির বাসিন্দারা। চকদ্বীপা পূর্বপল্লির জগন্নাথদেবের রথযাত্রা ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে হলদিয়ার গ্রাম ও শহরজুড়ে। প্রায় ৩৫ ফুট উঁচু জগন্নাথদেবের রথ রঙিন ও ফুলের মালায় সুসজ্জিত হয়েছে। শুক্রবার ওই রথ টানার সময় ভক্ত ও দর্শনার্থীর ভিড়ে উপচে পড়ল ১১৬ নম্বর জাতীয় সড়ক(পুরনো ৪১নম্বর)। জাতীয় সড়কই হয়ে ওঠে রথ সড়ক। গ্রামবাসী ও ভক্তদের ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয় রথ সড়ক। 

Advertisement

এবছর চকদ্বীপা পূর্বপল্লির রথ ৩০ বছরে পড়েছে। জগন্নাথদেবের ওই রথযাত্রার আয়োজন করেছে চকদ্বীপা পূর্বপল্লি জগন্নাথ কমিটি। এবার রথযাত্রার প্রধান আকর্ষণ ছিল ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে লক্ষাধিক চকোলেট বিতরণ। জগন্নাথদেবের প্রসাদী চকোলেট বিতরণের বিষয়টি সত্যিই অভিনব বলে জানান রথের জনতা। তিন দশক আগে একটি ছোট রথ টেনে চকদ্বীপায় রথযাত্রার সূচনা হয়। পরে প্রায় ৩৫ ফুট উঁচু ইস্পাতের কাঠামোর রথ তৈরি হয়। অতনু দাস, গৌতম বিশ্বাস, বিমল পাত্রদের যৌথ প্রয়াসে নতুন রথ তৈরি হয়েছে। রথ পরিচালনার দায়িত্বে রয়েছে চকদ্বীপা পূর্বপল্লি জগন্নাথ কমিটি ও গ্রামবাসীরা। রথ কমিটির সভাপতি অতনু দাস, সম্পাদক গৌতম বিশ্বাস বলেন, রথযাত্রা উৎসবকে আপামর মানুষের কাছে আনন্দের করে তুলতে সামাজিক দায়বদ্ধতার কর্মসূচি নেওয়া হয়েছে।

চকদ্বীপার রথযাত্রা সর্বধর্মসমন্বয়ের উৎসব হয়ে ওঠে প্রতিবছর। এবার রথ উপলক্ষে তিন শতাধিক দুঃস্থ মানুষকে নতুন কাপড় দেওয়া হয়েছে। এছাড়াও ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসা ও প্রতিবন্ধী মানুষজনকে লক্ষাধিক টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছে। প্রায় ৫০জন এধরনের মানুষকে সহায়তা দেওয়া হবে। রথ কমিটির সহ সম্পাদক বিমল পাত্র, পূর্বপল্লী গ্রাম কমিটির সভাপতি বিদ্যুৎ কুমার মাইতি ও সম্পাদক রঞ্জন কুমার জানা বলেন, রথ চলাকালীন প্রায় এক লক্ষ প্রসাদী চকোলেট বিতরণ করা হবে। গ্রাম কমিটির অন্যতম কর্মকর্তা নিতাই সেন বলেন, রথ উপলক্ষে প্রতিদিন সন্ধেয় বসবে কীর্তনগানের আসর। -নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ