


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চক দে স্বপ্না! রাজনীতির ময়দানে দৌড় শুরু করার লগ্নে সোনাজয়ী ক্রীড়াবিদকে এভাবেই স্বাগত জানাল তৃণমূল। রাজ্যের শাসক দলের সদর দপ্তর থেকে স্বপ্না বর্মনকে বার্তা দেওয়া হল, সফল ক্রীড়াবিদ হিসেবে তিনি দেশ তথা বিশ্বের দরবারে যে সুনাম অর্জন করেছেন, তা এবার প্রসারিত হোক রাজনৈতিক পরিসরে, সমাজসেবায়।
ভারতীয় ক্রীড়াবিদ তথা সোনাজয়ী স্বপ্না বর্মনের বাড়ি জলপাইগুড়ির ঘোষপাড়ায়। বছর ৩০-এর স্বপ্না রাজবংশী পরিবারের মেয়ে। তাঁর কেরিয়ারে রেকর্ডের ছড়াছড়ি। স্বর্ণপদক পেয়েছেন ন্যাশনাল গেমস ও এশিয়ান গেমসে। ‘অর্জুন’ পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। ক্রীড়াক্ষেত্রে তাঁর সাফল্য বরাবর প্রশংসার দাবি রেখেছে। কুর্নিশ জানিয়েছে দেশবাসী। সেই স্বপ্না এবার নেমে পড়লেন রাজনীতির ময়দানে। শুক্রবার কলকাতায় তৃণমূলের রাজ্য সদর দপ্তরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগদান করেন তিনি। তাঁকে তৃণমূলে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু ও শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
কেন তৃণমূলে যোগদান? স্বপ্না বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমি অনুপ্রাণিত। তাঁকে আমি অনুসরণ করি। উনি সমাজের তৃণমূল স্তর থেকে উঠে এসে বাংলাকে আজ যে জায়গায় পৌঁছে দিয়েছেন, তার জন্য তাঁকে আমার বিনম্র প্রণাম। বাংলার জন্য উনি যেভাবে কাজ করে চলেছেন, তা নজিরবিহীন। অন্য কোনো রাজ্য তা করে দেখাতে পারেনি। প্রচুর জনমুখী প্রকল্পের বাস্তবায়ন করেছেন। এসব দেখেই আমি তৃণমূলে যোগদানের উৎসাহ পেয়েছি।’ পাশাপাশি স্বপ্নার আশা, রাজনীতির ময়দান অনেক বড় প্ল্যাটফর্ম। এখানে মানুষের জন্য কাজ করার অনেক সুযোগ মিলবে।
তৃণমূলের প্রতি তাঁর আস্থাজ্ঞাপন ও যোগদানের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, ‘তৃণমূলকে উপযুক্ত
জায়গা হিসেবে বেছে নিয়েছেন স্বপ্না। আগামী দিনে তিনি সমাজসেবায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন, এটা আমাদের বিশ্বাস।’ স্বপ্নার যোগদান পর্বে শাহরুখ খান অভিনীত ‘চক দে ইন্ডিয়া’ ছবির প্রসঙ্গ তুলে আনেন মন্ত্রী ব্রাত্য বসু। হকি খেলায় অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতীয় মহিলা টিমের সাফল্য ধরা পড়েছে সেই ছবিতে। যার সূত্র ধরে ব্রাত্য বসু বলেন, ‘চক দে স্বপ্না। এগিয়ে চলুন। নতুন দৌড় শুরু হল আপনার।’ শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, ‘বাংলার রত্ন স্বপ্না বর্মন। সে আরও এগিয়ে যাক। তাঁর সাফল্য কামনা করি।’ রাজনৈতিক মহল মনে করছে, বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হতে পারেন স্বপ্না বর্মন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই আসনে জয়ী হয়েছিল বিজেপি। -নিজস্ব চিত্র