Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আর কদিন পর নববর্ষ, গৌড়বঙ্গের তিন জেলায় জমে উঠছে চৈত্র সেলের বাজার

আর কদিন পর নববর্ষ, গৌড়বঙ্গের তিন জেলায় জমে উঠছে চৈত্র সেলের বাজার
  • ২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: সবে শেষ হয়েছে ঈদ। কিন্তু ব্যস্ততার অবকাশ নেই ব্যবসায়ী মহলের। সামনেই পয়লা বৈশাখ। তাই নতুন জামাকাপড় কিনবেন অনেকেই। ইতিমধ্যেই চৈত্র সেলের বাজার জমজমাট। ছাড়ে জিনিস কিনতে মানুষের আকর্ষণ চিরকালীন। এবারও তাই চৈত্র সেলের বাজার ধরতে তৎপর বিক্রেতারাও। অনেকেই বাংলা ক্যালেন্ডারের শেষ মাসে স্টক ক্লিয়ার করতে ছাড় ঘোষণা করেছেন। সেই ছাড়ের সুযোগ নিতে বাজারমুখী আমজনতাও। গৌড়বঙ্গের তিন জেলার বাজার তাই রীতিমতো সরগরম। হাসি বিক্রেতাদের মুখেও। শুধুই জামাকাপড় নয়, চটি জুতো বা বাড়ির প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীও বিক্রি হচ্ছে উল্লেখযোগ্য ছাড়ে। নিজেদের পরিবারের সদস্যদের পাশাপাশি চেনা পরিচিত বা আত্মীয়স্বজনের জন্য নববর্ষের উপহার কিনতে অনেকেই ছুটছেন চৈত্র সেলের ফায়দা নিতে।

Advertisement

মালদহ শহরের বিভিন্ন পুর বাজারে চৈত্র সেলের ছাড়ের ঘোষণা টানছে ক্রেতাদের। তাই অনেকেই ঢুঁ মারছেন দোকানে। কোন জিনিসের ওপরে কত ছাড় তার বিস্তারিত তথ্য নিচ্ছেন বিক্রেতাদের কাছ থেকে। শাড়ি থেকে জামা, জুতো, বেডকভার, চায়ের কাপ, গ্লাস ইত্যাদি সবই মিলছে মোটা ছাড়ে। 
মালদহ শহরের বাসিন্দা গৃহবধূ পূর্ণিমা চক্রবর্তী বলেন, পুজোর সময়ের মতোই পয়লা বৈশাখেও নতুন জামাকাপড় পরা বাঙালির ঐতিহ্য। একসঙ্গে অনেক জামাকাপড় কিনতে হয়। চৈত্র সেলের কারণে কিছুটা টাকা বাঁচে। মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু বলেন, রবিবার ঈদের বাজার শেষ হয়েছে। তারপর এক দু’দিন স্বাভাবিক ভাবেই বিক্রি একটু ঝিমিয়ে থাকে। কিন্তু মঙ্গলবার থেকে বাজার আবার উঠতে শুরু করেছে। বিশেষত জামাকাপড়ের চাহিদাই সবচেয়ে বেশি। এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিকস সামগ্রীর ওপরেও ছাড় থাকায় ওগুলিও ভালোই বিক্রির প্রত্যাশা রয়েছে।
উত্তর দিনাজপুর জেলাজুড়েও ধীরে ধীরে জমে উঠেছে চৈত্র সেলের বাজার। জামাকাপড় থেকে বিছানার চাদর, জুতো, সবেতেই সেলের ছোঁয়া। কোথাও ৩০ শতাংশ, কোথাও ৫০ শতাংশ পর্যন্ত ছাড় চলছে। রায়গঞ্জ, ইসলামপুরের শপিংমল, জামাকাপড়ের দোকানগুলিতে ধীরে ধীরে জমছে কেনাকাটার ভিড়। ছোটদের জামাকাপড়, মেয়েদের পোশাক বিক্রি বেশি হচ্ছে।
বালুরঘাট শহরেও শুরু হয়ে গিয়েছে চৈত্র সেল। বালুরঘাট শহরের গীতাঞ্জলি মার্কেটে সেল শুরু হয়েছে। শহরের ই-কর্নার থেকে একেবারে তহবাজার পর্যন্ত দোকানপাট বসেছে। ফলে সকাল থেকে ভিড় বাড়ছে শহরে। শুধু ওই সেলের মার্কেট নয়, শহরের তহবাজার, মিনি মার্কেট, বড় বাজার সহ সব জায়গায় ভিড় বাড়ছে ক্রেতাদের। বালুরঘাটের এক বাজারের ব্যবসায়ী পিন্টু রায় বলেন, এখন সবে মার্কেট শুরু হয়েছে। ঈদের পর পয়লা বৈশাখেও ভালো বিক্রি বাট্টা হবে বলে আশা করছি।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ