নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যেসব কর্মী কোনো সংস্থায় কাজ করার দরুন পিএফের সুযোগ পেতে পারতেন, কিন্তু তা থেকে বঞ্চিত হয়েছেন, তাঁদের জন্য বিশেষ প্রকল্প এনেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)। এই প্রকল্পের আওতায় কর্মদাতা সংস্থাগুলি তাদের কর্মীদের পিএফে ফের অন্তর্ভুক্ত করতে পারবে সহজ শর্তে, এমনটাই দাবি করেছে এই কেন্দ্রীয় সংস্থাটি। তাদের বক্তব্য, ২০০৯ সালের ১ এপ্রিল থেকে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত যেসব কর্মী পিএফের সুযোগ পাননি, তাঁদের সেই সুযোগ দিতে পারবে কর্মদাতা সংস্থাগুলি। প্রকল্পটির নাম এমপ্লয়িজ এনরোলমেন্ট ক্যাম্পেন। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত কর্মদাতা সংস্থাগুলিকে এই সুযোগ দেওয়া হবে।
ইপিএফও-র কলকাতা আঞ্চলিক অফিসের কর্তারা জানাচ্ছেন, যদি কোনো কর্মচারীর বেতন থেকে পিএফ বাবদ টাকা কেটে না-নেওয়া হয়ে থাকে, তাহলে এই স্কিমের আওতায় সেই বাবদ কোনো টাকা জমা দিতে হবে না সংস্থাটিকে। তারা শুধু কর্মচারীর হয়ে নিজেদের ভাগের টাকাটুকু জমা করবে এবং সেই বাবদ বকেয়া সুদ এবং প্রশাসনিক চার্জ মেটাবে। এই প্রকল্পের আওতায় এলে প্রতিটি সংস্থাকে শুধুমাত্র ১০০ টাকা ‘ড্যামেজ’ মেটাতে হবে। যেসব সংস্থা ‘কোয়াসি জুডিশিয়াল’ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তারাও এই প্রকল্পের সুবিধা পাবে। শুধুমাত্র বর্তমানে কর্মরত কর্মীদের জন্যই এই সুযোগ দিতে পারবে কর্মদাতা সংস্থা। দপ্তরের কর্তারা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় পিএফ সংক্রান্ত বেশকিছু আর্থিক সুবিধা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এনরোলমেন্ট সংক্রান্ত প্রকল্পটির আওতায় এলে একইসঙ্গে শর্তসাপেক্ষে রোজগার যোজনার সুবিধাও মিলবে।