চাপে পিছু হটল কেন্দ্র, ইউপিআই লেনদেনে মাশুল দীপাবলির পর!
  • ১৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দু’হাজার টাকার উপর ব্যবসায়িক ইউপিআই লেনদেনে ০.৪ শতাংশ মাশুল (এমডিআর) ঘোষণা করেছে কেন্দ্র। আগামী ১৫ অক্টোবর থেকে বিক্রেতাদের উপর তা কার্যকর হওয়া কথা ছিল। তার ৪৮ ঘণ্টা আগেই কেন্দ্রের বোধোদয়! ব্যবসায়ীদের আপত্তির জেরে এই সিদ্ধান্ত থেকে আপাতত পিছু হটল মোদি সরকার। সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হতে পারে এই নয়া মাশুল। যদিও মঙ্গলবার ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই) জানিয়েছে, ইউপিআই লেনদেনে এখনই বসানো হচ্ছে না এমডিআর। তা চালু হতে পারে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে। অর্থাৎ, দীপাবলির পর। যদিও এমডিআর চালুর কোনো নির্দিষ্ট দিনক্ষণ জানায়নি এনপিসিআই। বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, ‘দীপাবলির পর নির্দিষ্ট ব্যবসায়িক লেনদেনে এমডিআর চালু করা হবে। উৎসবের মরশুমের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে ইউপিআই অ্যান্ড সার্ভিসেস স্টিয়ারিং কমিটি। মাশুল বসানোর দিনক্ষণ পরে বিবৃতি দিয়ে জানানো হবে।’ 

Advertisement

গত মাসেই অতিরিক্ত মাশুল চাপানোর কথা জানিয়েছিল ইউপিআই স্টিয়ারিং কমিটি। উৎসব মরশুমে এই ব্যবস্থা চালু নিয়ে তীব্র আপত্তি জানান ব্যবসায়ীরা। তাঁদের আশঙ্কা, এই মাশুল চালু হলে ব্যবসায় বিরূপ প্রভাব পড়বে। জিনিসপত্রের দাম বাড়বে। একইসঙ্গে সংকুচিত হতে পারে ভোগ্যপণ্যের চাহিদা। ইতিমধ্যে ‘নো ইউপিআই ডে’ পালন করা হয়েছে বিক্ষিপ্তভাবে। নগদ লেনদেনে ফেরার হুমকিও দিয়েছেন ব্যবসায়ীরা। চাপ ক্রমশ বাড়ছে বুঝতে পেরে সিদ্ধান্ত কার্যকরের মাত্র ৪৮ ঘণ্টা আগে পিছিয়ে আসতে বাধ্য হল কেন্দ্র।