নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার (পিএমজিএসওয়াই) চলমান রাস্তার কাজের গুণমান সংক্রান্ত ত্রুটি সংশোধন এবং তার রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা বাড়াল কেন্দ্রীয় সরকার। জাতীয় গুণমান পর্যবেক্ষকদের (এনকিউএম) পরিদর্শন বা রিপোর্টের তারিখ থেকে ছয়মাসের পরিবর্তে এখন একবছরের মধ্যে সংশোধনমূলক পদক্ষেপের রিপোর্ট বা অ্যাকশন টেকেন রিপোর্ট (এটিআর) জমা দেওয়া যাবে। সম্প্রতি চিঠি পাঠিয়ে পশ্চিমবঙ্গসহ সমস্ত রাজ্যকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে জাতীয় গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন সংস্থা এনআরআরডিএর তরফে। এই সময়সীমা বৃদ্ধির ফলে প্রকল্পের কাজ থমকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমবে। মত প্রশসানিক মহলের। তবে রাস্তার কাজের গুণমান যাচাই এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে কোনো আপস করা হবে না। শুধুমাত্র ত্রুটির সমাধান করতেই এই শিথিলতা আনা হচ্ছে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।
এর আগে শেষবারের মতো এই সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছিল ২০২২ সালের ১৩ জানুয়ারি। সেইমতো তৈরি বা সংস্কারের কাজ চলা রাস্তার ক্ষেত্রে ছয়মাসের মধ্যে সংশোধনমূলক পদক্ষেপের রিপোর্ট পেশ বাধ্যতামূলক ছিল। নির্ধারিত সময়ে তা জমা না-পড়লে সংশ্লিষ্ট কাজের অগ্রগতির তথ্য নথিভুক্ত করার সুযোগ বন্ধ হয়ে যেত। ফলে ছয়মাস পরে সংশ্লিষ্ট প্রকল্পের অর্থপ্রদানও আটকে যাওয়ার আশঙ্কা থাকত। কিন্তু এমন একাধিক ক্ষেত্র ছিল যাতে প্রযুক্তিগতভাবে জটিল ত্রুটি সংশোধন, পুনরায় পরীক্ষা এবং সংশোধিত কাজের গুণমান যাচাই করতে ছয়মাসের বেশি সময়ের প্রয়োজন হয়। প্রতিকূল আবহাওয়া এবং সংশ্লিষ্ট এলাকার বিশেষ পরিস্থিতিও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার পথে বাধা হয়ে দাঁড়ায়। এই বিষয়গুলি বিবেচনা করেই চলমান প্রকল্পের ক্ষেত্রে সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই কারণেই শুধুমাত্র চলমান কাজের ক্ষেত্রেই ছয়মাসের পরিবর্তে একবছরের সময়সীমা প্রযোজ্য করেছে কেন্দ্র। সম্পন্ন হয়ে যাওয়া কাজের ক্ষেত্রে অপরিবর্তিত রাখা হয়েছে ছয়মাসের মধ্যে সংশোধনমূলক পদক্ষেপের রিপোর্ট পেশের নিয়ম।



