নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সরকার অথবা রিজার্ভ ব্যাংকের সব চেষ্টা ও ব্যবস্থা নেওয়ার আশ্বাসও ব্যর্থ। আর তাই অন্তিম সিদ্ধান্ত, সুদের হার বৃদ্ধি। রিজার্ভ ব্যাংকের নীতি নির্ধারণ কমিটির বৈঠকে ঠিক হয়েছে, রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হবে। ফলে নিশ্চিতভাবে ব্যাংক ঋণের উপর ধার্য সুদের হার বেড়ে যাবে। উৎসবের মরশুমে আম জনতার উপর চাপতে চলেছে গাড়ি-বাড়ির ঋণে ইএমআইয়ের বাড়তি বোঝা। তবে কিছুটা হলেও বাড়তে চলেছে স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে সুদের হারও। নীতি নির্ধারণ কমিটি মনে করেছে, পরিস্থিতি যা, তাতে রেপো রেট বাড়ানো ছাড়া উপায় নেই। এবং অদূর ভবিষ্যতে রেপো রেট কমার সম্ভাবনাও নেই। আভাস তেমনই। কারণ, রিজার্ভ ব্যাংকের নীতি নির্ধারণ কমিটি তাদের বৈঠকের পর পলিসি স্টেটাসকে অভিহিত করেছে ‘ক্যালিব্রেটেড টাইটনিং’ হিসাবে। এটা এতদিন ছিল ‘নিউট্রাল’। অর্থাৎ রেপো রেট কমতেও পারে, বাড়তেও পারে। এবার তাহলে কেন বুঝিয়ে দেওয়া হল, খুব তাড়াতাড়ি রেপো কমার সম্ভাবনা নেই? আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা বলছেন, ‘আগামী তিনটি ত্রৈমাসিকের গড় মূল্যবৃদ্ধির হার হতে চলেছে ৫.৮ শতাংশ।’ ৬ শতাংশের কাছাকাছি মূল্যবৃদ্ধির হার পৌঁছে যাওয়া অর্থনীতির জন্য বিপজ্জনক। এই অঙ্কে আরবিআইয়ের অনুমান, চলতি অর্থবর্ষের শেষে মোট মূল্যবৃদ্ধির হার হতে পারে ৫.২ শতাংশ। অথচ গত মাস পর্যন্তও এই হার সাড়ে ৪ শতাংশের বেশি হবে না বলে আশ্বাস দিয়েছিল তারা। দিনের শেষে কিন্তু মূল্যবৃদ্ধি প্রতিহত করা যায়নি।



