বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত ক্রমশ জটিল হতেই জম্মু ও কাশ্মীরে অতিরিক্ত সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হল। সীমান্তে নিরাপত্তা মজবুত করতে ও স্থানীয় পুলিসকে আইন-শৃঙ্খলা রক্ষায় সাহায্য করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে পাকিস্তান ও নেপাল সীমান্তের পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানেই ঠিক হয়, জম্মু ও কাশ্মীরে অতিরিক্ত আধাসেনা মোতায়েন করা জরুরি। প্রতিদিনই নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষ বিরতি চুক্তি ভেঙে গোলাগুলি চালাচ্ছে পাক সেনা। কুপওয়ারা, বারামুলা, উরি, পুঞ্চ, মেন্ধার ও রাজৌরি সেক্টরে সবথেকে বেশি হামলা হয়েছে। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। এই পরিস্থিতিতে অভ্যন্তরীণ নিরাপত্তা মজবুত রাখতে চাইছে কেন্দ্র। সীমান্তের যে সব এলাকা দিয়ে সাধারণত অনুপ্রবেশ হয়, সেই এলাকাগুলিতে বাড়তি নজরদারি শুরু হচ্ছে। সিআরপিএফের এক কর্তা জানিয়েছেন, বাহিনীর কয়েকটি ব্যাটেলিয়ন ইতিমধ্যেই কাশ্মীর রওনা দিয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে তাদের একাংশকে মোতায়েন করা হবে। বাকি জওয়ানরা পুলিসের সঙ্গে থাকবেন। সব ইউনিট কমান্ডারকে নিজেদের এলাকাতেই থাকতে বলা হয়েছে। জওয়ানদের ছুটি বাতিল করা হয়েছে। ওই কর্তা আরও জানান, বাহিনীর জন্য হাই অ্যালার্ট জারি করা হয়েছে।



