Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬

ফের ‘ককরোচ’ হুমকিতেই ভোলবদল কেন্দ্রের, পড়ুয়াদের বিরুদ্ধে সব এফআইআর প্রত্যাহারের আরজি সুপ্রিম কোর্টে

প্রতিশ্রুতি ছিল কেন্দ্রের। কিন্তু পূরণ হয়নি। বলা হয়েছিল, কোনো আন্দোলনকারীর বিরুদ্ধে এফআইআর হবে না। অথচ, হয়েছে।

ফের ‘ককরোচ’ হুমকিতেই ভোলবদল কেন্দ্রের, পড়ুয়াদের বিরুদ্ধে সব এফআইআর প্রত্যাহারের আরজি সুপ্রিম কোর্টে
  • ১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: প্রতিশ্রুতি ছিল কেন্দ্রের। কিন্তু পূরণ হয়নি। বলা হয়েছিল, কোনো আন্দোলনকারীর বিরুদ্ধে এফআইআর হবে না। অথচ, হয়েছে। মোদি সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, কোনো পড়ুয়াকে হেনস্তা করা হবে না। কিন্তু সমাজ মাধ্যমে ক্ষমা চাওয়া ১৫ বছরের সেই নাবালিকাও চরম হতাশায় দাবি করেছে, তার জীবন নরক হয়ে গিয়েছে। চারপাশে বাড়তে থাকা এই ক্ষোভের আঁচেই আগামী ৫ সেপ্টেম্বর ফের দিল্লিতে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। ঘোষণা করেছে, আবার আন্দোলন হবে। এই প্রতিবাদ রুখতে সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত হয়েছিল। লাভ হয়নি। ককরোচদের মিছিল স্থগিতের আরজি সাফ খারিজ করেছে শীর্ষ আদালত। দিল্লি পুলিশের অবসরপ্রাপ্ত আধিকারিক রাজেন্দ্র সিংয়ের আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানিয়েছে, অপ্রীতিকর ঘটনা ঘটবেই এমনটা আগাম ধরে নেওয়ার মতো ভিত্তি আদালতের কাছে নেই। আর এরই পৃষ্ঠে, প্রতিবাদ কর্মসূচির আগেই ভোল বদলে গেল কেন্দ্রের। বদলে গেল আবহও। সোমবার সুপ্রিম কোর্টে মোদি সরকার জানিয়ে দিল, পড়ুয়া আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব এফআইআর প্রত্যাহার করতে চায় তারা। 

Advertisement

এদিন প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে মৌখিকভাবে বিষয়টি তোলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। মঙ্গলবারই যাতে আবেদনের জরুরি শুনানি হয়, তার জন্য মামলাটি তালিকাভুক্ত করার আরজি জানান তিনি। প্রধান বিচারপতি আবেদনের বিষয়টি জানতে চাইলে মেহতা জানান, এটি ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পর্কিত। সংবিধানের ১৪২ অনুচ্ছেদ প্রয়োগ করে এফআইআরগুলি খারিজ করার আবেদন জানান তিনি। জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘আবেদন করুন। সব পক্ষ যদি সমঝোতায় পৌঁছাতে চায়, তাহলে আমাদের আপত্তি নেই।’
২০ জুলাই ককরোচ জনতা পার্টির সংসদ অভিযানে উত্তেজনা ছড়ায়। আন্দোলনকারীদের বিরুদ্ধে অসংখ্য এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। জাতীয় রাজনীতিতে চরম শোরগোল শুরু হয়। চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পাশাপাশি আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়া প্রতিশ্রুতিও দেয় কেন্দ্র। এরপরই ২৫ জুলাই আন্দোলন প্রত্যাহার করে সিজেপি। তবে শর্ত ছিল, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার করতে হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। তাই ফের পথে নামার হুঁশিয়ারি দিয়েছে সিজেপি। আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে মিছিল হওয়ার কথা। তার ঠিক আগেই সুপ্রিম কোর্টে এফআইআর প্রত্যাহারের আবেদন পেশ করল কেন্দ্র। পাশাপাশি, দিল্লি পুলিশও সুপ্রিম কোর্টে জানিয়েছে, আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া ১৩টি এফআইআর আর চালাতে চায় না তারা। তাই সংবিধানের ১৪২ অনুচ্ছেদের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে ওই মামলাগুলি নিষ্পত্তির আরজি জানানো হচ্ছে। শীর্ষ আদালতে দেওয়া হলফনামায় দিল্লি পুলিশ জানিয়েছে, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী, যাঁদের বিরুদ্ধে গুরুতর অপরাধের রেকর্ড রয়েছে এবং যাঁদের আন্দোলনস্থলে উপস্থিত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে, তাঁদের মধ্যে ২,৮৭৩ জনের বিরুদ্ধে নতুন এফআইআর করা হবে। বাকি ১৩টি এফআইআর প্রত্যাহার করে নিতে চায় দিল্লি পুলিশ। সংশ্লিষ্ট ঘটনাগুলির ক্ষেত্রে ভবিষ্যতে আর নতুন এফআইআর দায়ের হবে না। 
বিষয়টা নিয়ে সরাসরি কিছু না বললেও ককরোচ নেতারা যে উচ্ছ্বসিত, তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই বি আর আম্বেদকরের একটি বই হাতে নিজের সেলফি পোস্ট করেছেন অভিজিৎ দিপকে। সিজেপি মুখপাত্র সৌরভ দাসও মজার ভঙ্গিতে সানগ্লাস পরে সেলফি পোস্ট করেছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ