নয়াদিল্লি: দিন দিন অশ্লীল কন্টেন্টে ভরে যাচ্ছে ইন্টারনেট। অযথা যৌনতা, নারী শরীর প্রদর্শনের রমরমা চলছে ওটিটি প্ল্যাটফর্মগুলিতে। এই পরিস্থিতিতে এবার কঠোর পদক্ষেপ করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। শুক্রবার একটি নির্দেশিকা জারি করে মন্ত্রক জানিয়েছে, ‘সফ্ট পর্নোগ্রাফিক কনটেন্ট’ প্রচারের দায়ে দেশের ২৫টি ওটিটি প্ল্যাটফর্মের ওয়েবসাইট এবং অ্যাপ ‘ব্যান’ করা হয়েছে। ভারতে বসে কোনও ইন্টারনেট ব্যবহারকারী যাতে এই ২৫টি ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করতে দেশে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে মন্ত্রক। নিষিদ্ধ হওয়া অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্মের তালিকাও দেওয়া হয়েছে মন্ত্রকের তরফে। তাতে নাম রয়েছে— অল্ট, উল্লু, বিগ শটস, দেশিফ্লিক্স, বুমেক্স, নভরস লাইট সহ আরও কিছু অ্যাপের। মন্ত্রকের অভিযোগ, ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইন এবং ২০২১ সালের তথ্যপ্রযুক্তি আইন (ডিজিটাল মিডিয়া এথিক্স কোড) লঙ্ঘন করেছে ওয়েব প্ল্যাটফর্মগুলি।



