নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা: পিএফে ন্যূনতম পেনশন বৃদ্ধি নিয়ে অনড় মনোভাব দেখিয়েছে কেন্দ্রীয় সরকার। একাধিক কমিটি পেনশন বৃদ্ধির পক্ষে সওয়াল করলেও তা তোয়াক্কা করেনি অর্থমন্ত্রক। বিরোধীরা তো বটেই, বিজেপি সাংসদদের একাংশ এই নিয়ে প্রতিবাদে সরব হলেও আমল দেয়নি কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিকবার পেনশন বৃদ্ধির প্রতিশ্রুতি দিলেও, তা কার্যকর হয়নি। বর্তমানে সংসদ অধিবেশন চলছে। সেখানেও প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক বুঝিয়ে দিয়েছে, আপাতত তারা ন্যূনতম পেনশন বৃদ্ধির বিষয়ে মাথা ঘামাচ্ছে না। এদিকে সংসদ অধিবেশন চলাকালীনই প্রতিবাদের আঁচ জোরালো করতে দিল্লিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিলেন পেনশনভোগীরা। ইপিএস-৯৫ পেনশনভোগীদের সর্বভারতীয় সংগঠন ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি আগামী ৪ ও ৫ আগস্ট যন্তরমন্তরে বিক্ষোভ দেখাবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ৫০ হাজার বয়স্ক মানুষ সেখানে হাজির হবেন বলে মনে করা হচ্ছে। এই বিষয়টি নিয়ে সংগঠনের রাজ্য শাখার সভাপতি তপন দত্ত বলেন, দিল্লির ওই কেন্দ্রীয় সমাবেশ সফল করতে আঞ্চলিকভাবে ছোট ছোট সভা করে আমরা পেনশনভোগীদের মনোবল বাড়াতে উদ্যোগী হয়েছি। সেইসূত্রে আগামী রবিবার ২৭ জুলাই হাওড়ার সালকিয়ায় এ এস হাইস্কুলে দুপুরে এমনই একটি সমাবেশ হবে। তিনি আরও বলেন, সাড়ে সাত হাজার টাকা ন্যূনতম পেনশন, ডিএ এবং চিকিৎসা পরিষেবার দাবিতে আদায় না-হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব।



