সেস-সারচার্জ থেকে কেন্দ্রের আয় ৬ লক্ষ কোটিরও বেশি, অভিষেকের প্রশ্নে জানাল কেন্দ্র
  • ১৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গত ১১ বছরে সেস এবং সারচার্জের মাধ্যমে ৬ লক্ষ ৩৮ হাজার ৭১১ কোটি টাকা আদায় করেছে মোদি সরকার। লোকসভায় লিখিতভাবে জানাল কেন্দ্র। বছর বছর বিভিন্ন খাতে সেস এবং সারচার্জ আদায় করে সরকার। এবং যতদিন যাচ্ছে তা বাড়ছে। তাই ঩জিএসটির মতো কর বাদ দিয়ে মোদি সরকার সেস এবং সারচার্জ বাবদ কত টাকা কেন্দ্রীয় কোষাগারে পেয়েছে তা লিখিতভাবে জানতে চান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির রাজস্থানের সাংসদ রাও রাজেন্দ্র সিং। জবাবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, আগামী অর্থবর্ষে (২০২৫-২৬) সেস এবং সারচার্জ বাবদ কেন্দ্রীয় সরকার ১ লক্ষ ৭২ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে বলেই হিসেব করেছে। এছাড়া ২০১৪-১৫ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষ পর্যন্ত হিসেব দিয়েছেন তিনি। সেখানেই দেখা যাচ্ছে, গত ১১ বছরে সব মিলিয়ে ৬ লক্ষ ৩৮ হাজার ৭১১ কোটি টাকা সংগ্রহ হয়েছে। সেস এবং সারচার্জ বাবদ আদায় হওয়া অর্থ সরকার কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তার কাজে ব্যবহার করা হয় বলেও জানিয়েছেন নির্মলা। 

Advertisement

অন্যদিকে, কৃষকের উপার্জন দ্বিগুণ কবে হবে বা আদৌ হয়েছে কি? সরকারের কাছে এ ব্যাপারে অন্য এক লিখিত প্রশ্নে জানতে চেয়েছিলেন অভিষেক। একই প্রশ্ন ছিল অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআরসিপির সাংসদ গুম্মা থানুজা রানির। জবাব দিতে গিয়ে লিখিতভাবে কেন্দ্রীয় কৃষি রাষ্ট্রমন্ত্রী রামনাথ ঠাকুর বিষয়টি রাজ্যের এক্তিয়ারভুক্ত বলে দায় এড়িয়েছেন। উপার্জন বাড়ানোর লক্ষ্যে সরকার কী কী প্রকল্প এনেছে, তার বর্ণনা অবশ্য তুলে ধরেছেন। বলা হয়েছে, ২০১২-১৩ অর্থবর্ষে কৃষক পরিবারের গড় মাসিক আয় ছিল ৬ হাজার ৪২৬ টাকা। ২০১৮-১৯ সালে তা বেড়ে হয়েছে ১০ হাজার ২১৮ টাকা।