Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

খানাখন্দে ভরেছে সেন্ট্রাল অ্যাভিনিউ, ভোগান্তি

শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রাস্তা হল সেন্ট্রাল অ্যাভিনিউ। এই রাস্তার হাল দিনে দিনে খারাপ হচ্ছে

খানাখন্দে ভরেছে সেন্ট্রাল অ্যাভিনিউ, ভোগান্তি
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রাস্তা হল সেন্ট্রাল অ্যাভিনিউ। এই রাস্তার হাল দিনে দিনে খারাপ হচ্ছে। বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে গর্ত। তাতে জমছে বৃষ্টির জল। কোথাও কোথাও পিচের আস্তরণ উঠে গিয়ে ছড়িয়ে পড়েছে ছোটো ছোটো স্টোন চিপ। তার উপর দিয়েই দুলতে দুলতে চলছে যানবাহন। 

Advertisement

সেন্ট্রাল অ্যাভিনিউকে এই মহানগর চিত্তরঞ্জন অ্যাভিনিউ হিসাবেই চেনে। এই রাস্তায় মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনের মুখে, মহাজাতি সদনের সামনে, গিরিশ পার্ক অঞ্চলে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে তৈরি হয়েছে অসংখ্য গর্ত। এমনিতেই আগের স্তরের উপর পিচের আস্তরণ পড়তে পড়তে রাস্তা উঁচু হয়েছে। বিভিন্ন জায়গায় পুরানো পিচ কেটে সমান করে রাস্তা বানানো হলেও সেই সব অংশ ফের অসমান হয়ে গিয়েছে। উঠে গিয়েছে পিচের আস্তরণ। বিভিন্ন জায়গা যেন ফুলে উঠেছে। এই অমসৃণ রাস্তায় নাচতে নাচতে যেতে হচ্ছে বিভিন্ন গাড়িকে। নাগরিকদের অভিযোগ, ঢেউ খেলানো এই রাস্তা শহরের মুখ পোড়াচ্ছে। রাস্তা অসমান হওয়ায় বিভিন্ন জায়গায় জল জমছে। ছোটো ছোটো স্পটে জল জমে তৈরি হচ্ছে গর্ত। ভারী বৃষ্টি হলে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বিভিন্ন জায়গায় জল জমে। তার জেরেও উঠেছে পিচের আস্তরণ। নিত্যযাত্রীদের অভিযোগ, শহরের এমন গুরুত্বপূর্ণ রাস্তায় এখন চলাই দায়। গোটা পথের সার্বিক সংস্কার জরুরি। শুধু প্যাচওয়ার্ক করে লাভ নেই। 
কলকাতা পুরসভার সড়ক বিভাগ জানাচ্ছে, কয়েক বছর আগে মিলিং মেশিন দিয়ে পুরানো বিটুমিনের আস্তরণ কেটে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বিভিন্ন অংশ সমান করা হয়েছিল। কিন্তু লাগাতার বৃষ্টি এবং জল জমার কারণে রাস্তার হাল খারাপ হয়েছে। পুজোর আগে ফের রাস্তা মেরামত করা হবে। কিন্তু এভাবে শুধু প্যাচওয়ার্ক করে কি একটি মেট্রোপলিটন সিটির গুরুত্বপূর্ণ রাস্তার হাল ফেরানো সম্ভব? কেন সার্বিকভাবে উৎকৃষ্ট মানের রাস্তা তৈরি হবে না, এই প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ