নিজস্ব প্রতিনিধি, বারাসত: শুক্রবার, ১ আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনার কাজ। প্রথম পর্যায়ে বাসিন্দারা মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেরাই ‘সেলফ ইনিউমারেশন’ করতে পারবেন। পরে দ্বিতীয় পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন ইনিউমারেটররা। তাঁদের কাজের তদারকি করবেন সুপারভাইজাররা। এই কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য উত্তর ২৪ পরগনা জেলা সবরকমে প্রস্তুত। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে জানালেন জেলাশাসক শিল্পা গৌরিসারিয়া।
দেশে শেষ জনগণনা হয় ২০১১ সালে। পরবর্তী গণনা ২০২১ সালে হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ বা মহামারির ধাক্কায় সেই গুরুত্বপূর্ণ কাজটি থমকে যায়। অবশেষে এবার শুরু হচ্ছে সেটি। প্রথম পর্যায়ে ১-১৫ আগস্ট পর্যন্ত চলবে সেলফ ইনিউমারেশন। এইসময়ে বাসিন্দারা মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেরাই তাঁদের প্রয়োজনীয় তথ্য জমা দেবেন। দ্বিতীয় পর্যায়ে ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন ইনিউমারেটররা। গোটা প্রক্রিয়ার উপর নজর রাখবেন সুপারভাইজাররা।এজন্য জেলায় ২২টি ব্লক চার্জ অফিস এবং ২৫টি পুরসভার চার্জ অফিস খোলা হয়েছে। পাশাপাশি বারাকপুর ক্যান্টনমেন্ট ও নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপে একটি করে চার্জ অফিস তৈরি করা হয়েছে। ৫ অগস্টের মধ্যে ইনিউমারেটর এবং সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পূর্ণ হবে। জনগণনা নিয়ে সচেতনতা বাড়াতে জেলার ৩৪১টি স্কুলে বিশেষ প্রচার শিবির করা হয়েছে। জনগণনা সংক্রান্ত যেকোনো সমস্যার জন্য জেলা স্তরে ৯২৩০১৮৮৪৩২ নম্বর হেল্পলাইনও চালু করেছে প্রশাসন।