রূপাঞ্জনা দত্ত, লন্ডন: রাজপরিবারের উদ্যোগে মহাধুমধামে পালিত হল রানি দ্বিতীয় এলিজাবেথের শততম জন্মদিন। মঙ্গলবার বাকিংহাম প্যালেসে তাঁর ঐতিহ্যবাহী পোশাক, অলঙ্কারের প্রদর্শনী আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। বাকিংহাম প্যালেসেই পৃথক একটি অনুষ্ঠানে আয়োজন করেছিলেন চার্লস। রিজেন্ট পার্কে রানির নামাঙ্কিত বাগানের উদ্বোধন করেন রাজকুমারী অ্যান। এদিন আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল ব্রিটিশ মিউজিয়াম। সেখানে সেন্ট জেমস পার্কে জাতীয় স্মৃতি সৌধের চূড়ান্ত ডিজাইন চাক্ষুস করেন রাজপরিবারের সদস্যরা। বসানো হচ্ছে গার্টার রবস পরিহিতা রানির তরুণী বয়সের একটি ব্রোঞ্জের মূর্তিও। তার কিছুটা পিছনেই থাকবে প্রিন্স ফিলিপের মূর্তিও। ব্লু ব্রিজের বদলে রানির বিবাহের টায়রার আদলে কাচের ইউনিটি ব্রিজও তৈরি হচ্ছে।



