নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বহির্বিভাগ থেকে শুরু করে কার্ডিওলজি— হাওড়া জেলা হাসপাতালের একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে পরিষেবার মান বাড়াতে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হচ্ছে। খুব শীঘ্রই চালু হবে ১০০ শয্যার নতুন ক্রিটিকাল কেয়ার ব্লক (সিসিবি)। বুধবার চিকিৎসক দিবস উপলক্ষ্যে হাসপাতাল পরিদর্শনে এসে একথা জানান রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই। মন্ত্রী বলেন, নতুন ক্রিটিকাল কেয়ার ব্লকের নির্মাণকাজ প্রায় শেষ। এখন সেখানে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম বসানোর প্রস্তুতি চলছে। তৈরি হবে ক্যাথ ল্যাবও। জানা গিয়েছে, সিসিবি তৈরির জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই প্রায় ৪৬ কোটি টাকা বরাদ্দ করেছে। তার মধ্যে ভবন নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ৩০ কোটি ৫৫ লক্ষ টাকা। আধুনিক চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য বরাদ্দ হয়েছে ১৩ কোটি ৯৫ লক্ষ টাকা। পাশাপাশি ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাব তৈরিতে খরচ হবে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা। পূর্তদপ্তরের তত্ত্বাবধানে তৈরি হওয়া এই আটতলা ব্লক চালু হলে হাওড়া জেলা হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো আরও একধাপ এগিয়ে যাবে বলে প্রশাসনের আশা। তবে শুধু নতুন ভবন নয়, জেলা হাসপাতালের দৈনন্দিন পরিষেবার মানোন্নয়নে জোর দেওয়া হচ্ছে বলে জানান উমেশ। আউটডোরে ইতিমধ্যেই নেফ্রোলজি পরিষেবা চালু হয়েছে। কিডনি রোগের বিশেষজ্ঞ চিকিৎসকও যোগ দিয়েছেন।


