Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

৫০ লক্ষের ঘুষ, সিবিআই-জালে ফোর্ট উইলিয়ামে কর্মরত কর্নেল

সিবিআইয়ের হাতে গ্রেপ্তার ফোর্ট উইলিয়ামে কর্মরত ভারতীয় সেনাবাহিনীর এক পদস্থ অফিসার। ৫০ লক্ষ টাকার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে এই গ্রেপ্তারি বলে জানা গিয়েছে।

৫০ লক্ষের ঘুষ, সিবিআই-জালে ফোর্ট উইলিয়ামে কর্মরত কর্নেল
  • ২১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সিবিআইয়ের হাতে গ্রেপ্তার ফোর্ট উইলিয়ামে কর্মরত ভারতীয় সেনাবাহিনীর এক পদস্থ অফিসার। ৫০ লক্ষ টাকার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে এই গ্রেপ্তারি বলে জানা গিয়েছে। ধৃত হিমাংশু বালি কর্নেল পদমর্যাদার অফিসার। তিনি ফোর্ট উইলিয়ামের আর্মি অর্ডন্যান্স কোরে কর্মরত ছিলেন। অভিযোগ, ঘুষের বিনিময়ে কাজের টেন্ডার পাইয়ে দিতেন হিমাংশু। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের অধীনে অভিযোগ দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য হিমাংশুকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনায় কানপুরের অক্ষত আগরওয়াল ও তাঁর সংস্থা ইস্টার্ন গ্লোবাল লিমিটেডের বিরুদ্ধেও মামলা দায়ের করেছে সিবিআই।

Advertisement

১৮ মে সিবিআইয়ের দায়ের করা এফআইআর অনুযায়ী, অক্ষতর সংস্থাকে সুবিধা পাইয়ে দিতেন হিমাংশু। অভিযোগে লেখা হয়েছে, ‘অক্ষত ও তাঁর বাবা মায়াঙ্ক আগরওয়াল বেআইনিভাবে নিজেদের সংস্থার জন্য সুবিধা আদায় করতে ওই কর্নেলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। বেশ কয়েকজন অজ্ঞাতপরিচয় আধিকারিক এর সঙ্গে যুক্ত ছিলেন।’সিবিআই জানিয়েছে, চলতি বছরের মার্চ-এপ্রিলে একটি টেন্ডার পেতে হিমাংশুর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল অক্ষত। গত ২২ এপ্রিল এবিষয়ে আলোচনার জন্য পার্ক স্ট্রিটে দু’জনে দেখাও করেছিলেন। তার দু’দিন পরেই দরপত্র পেয়ে যায় অক্ষতের সংস্থা ইস্টার্ন গ্লোবাল লিমিটেড। এফআইআর অনুযায়ী, ১৬ মে অক্ষতকে ঘুষের বকেয়া টাকা দেওয়ার কথা মনে করিয়ে দেন হিমাংশু। স্পষ্ট জানিয়ে দেন, দিল্লিতেই টাকা পাঠাতে হবে। সোমবার হাওলার মাধ্যমে প্রায় ৫০ লক্ষ টাকা হিমাংশুর এক পরিচিত ব্যক্তিকে দিল্লিতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল অক্ষত।

Advertisement
সম্পর্কিত সংবাদ