Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাট হাসপাতালে চালু হচ্ছে ক্যাথ ল্যাব, ঘোষণা মন্ত্রী সুকান্তর

বালুরঘাট হাসপাতালে নতুন ক্যাথ ল্যাব চালু হচ্ছে, যা হার্ট চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ। সুকান্ত মজুমদার জানান, স্বাস্থ্য পরিষেবা উন্নত হবে। বিস্তারিত পড়ুন।

বালুরঘাট হাসপাতালে চালু হচ্ছে ক্যাথ ল্যাব, ঘোষণা মন্ত্রী সুকান্তর
  • ১০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলাকে আয়ুষ্মান ভারত প্রকল্পের মডেল হিসেবে বেছে নিয়েছে রাজ্য স্বাস্থ্যদপ্তর। ফলে এই জেলায় অনলাইন পোর্টালে নাম তোলা থেকে শুরু করে পরিষেবা-সমস্ত কিছুতেই বাড়তি গুরুত্ব দেওয়া হবে। মিলবে বেশকিছু বাড়তি সুবিধা। প্রকল্পের সফল রূপায়ণের জন্য দ্রুত বৈঠক করা হবে বলে জানা গিয়েছে।

Advertisement

তাছাড়া, বালুরঘাট জেলা হাসপাতালে এবার চালু হচ্ছে ক্যাথ ল্যাব। যেহেতু জেলার কোথাও হার্টের চিকিৎসার অত্যাধুনিক পরিকাঠামো নেই, তাই নতুন এই পরিষেবা শুরু করা হচ্ছে। বালুরঘাটে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের বৈঠকে মঙ্গলবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। 
জেলার যক্ষ্মা রোগীদের জন্য কেন্দ্রীয় সরকারের নিক্ষয় মিত্র প্রকল্পে প্রতিমাসে তিনশো জন রোগীকে পুষ্টিকর খাবার দেওয়া হবে। তার মধ্যে ১০ জন রোগীর দায়িত্ব নিয়েছেন খোদ সুকান্ত। এদিকে জেলার বিভিন্ন হাসপাতাল এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নতুন এআই প্রযুক্তি যুক্ত এক্স-রে এবং রক্ত পরীক্ষাও শুরু হচ্ছে।
দীর্ঘদিন আগে সুকান্তর সাংসদ তহবিল থেকে মুখ্য স্বাস্থ্য আধিকারিককে একটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল। অভিযোগ, রাজনৈতিক কারণে ওই অ্যাম্বুলেন্স এতদিন ব্যবহার করতে দেওয়া হয়নি। এবার সেটি বালুরঘাট জেলা হাসপাতালকে দেওয়া হয়েছে।
জেলার চিকিৎসা ব্যবস্থা প্রসঙ্গে সুকান্ত বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে আগেই এবিষয়ে কথা হয়েছে। আজ স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি  জানিয়েছেন, আমাদের জেলাকে আয়ুষ্মান ভারতের জন্য মডেল হিসাবে বেছে নেওয়া হচ্ছে। অর্থাৎ, সবক্ষেত্রেই এবার বেশি গুরুত্ব দেওয়া হবে। এছাড়া আশ্বাস দিয়েছেন, বালুরঘাট হাসপাতালে হার্টের চিকিৎসার জন্য ক্যাথ ল্যাব চালু হবে।
সুকান্ত ছাড়াও এদিন বৈঠকে ছিলেন জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ রায়, গঙ্গারামপুরের সত্যেন রায়, তপনের বুধরাই টুডু, কুশমণ্ডির তাপস বর্মন সহ অন্যরা। প্রত্যেকেই বৈঠকে নিজ নিজ এলাকার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির দাবি জানিয়েছেন। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এতদিন হাতেগোনা কিছু রক্ত পরীক্ষা হত। এবার রক্তের সব ধরনের পরীক্ষা সেগুলিতে চালু হতে চলেছে। কুমারগঞ্জের সমঝিয়া, হিলির বিনশীরা, হরিরামপুরের বালিহারা, বালুরঘাটের নাজিরপুর, কামারপাড়া, কুশমণ্ডির নানাহার পাড়া এবং তপনের রামপাড়া চেঁচড়ায় সেই সুবিধা মিলবে। তপনের মনোহলি,গঙ্গারামপুরের বাসুরিয়া এবং বংশীহারির বদলপুরে রক্ত ও অন্যান্য জরুরি পরীক্ষা কেন্দ্রের উদ্বোধনও করা হয় এদিন। এছাড়া তপন, হরিরামপুর এবং হিলি গ্রামীণ হাসপাতালে এআই যুক্ত হ্যান্ড হেল্ড এক্সরে মেশিন চালু করা হয়েছে।
মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন,আজ জেলাজুড়ে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা চালু হয়েছে। যক্ষ্মা রোগীর মৃত্যুর জেলায় হার অনেকটাই কমেছে। আরও কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। শীঘ্রই ৪০৮টি গ্রামে যক্ষ্মার স্ক্রিনিং করা হবে। আসা করছি, আমরা জেলা থেকে যক্ষ্মা নির্মূল করতে পারব। • নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ