নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পে (ডব্লুবিএইচএস) ক্যাশলেস চিকিৎসার সুবিধা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হল। রাজ্য অর্থদপ্তরের মেডিকেল সেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন ব্যবস্থা কার্যকর হবে ১ অক্টোবর থেকে। এতদিন ২ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস সুবিধা পাওয়া যেত। রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীরা সপরিবারে এই প্রকল্পের সুবিধা পান। রাজ্যের মধ্যে নথিভুক্ত বেসরকারি হাসপাতালে ইন্ডোরে চিকিৎসা করালে ক্যাশলেসের সুবিধা মেলে। এই প্রকল্পে নথিভুক্ত হাসপাতাল-নার্সিংহোমে চিকিৎসা করালে তার পুরো খরচ পাওয়া যায়। মোট চিকিৎসা খরচ ক্যাশলেসের অতিরিক্ত হলে বাকিটা পেতে সংশ্লিষ্ট বিল অফিসে জমা দিতে হয়। ক্যাশলেস সুবিধার সীমা ধাপে ধাপে বাড়ানো হয়েছে। এটা আরও বাড়ানোর দাবি ছিল। জাতীয়তাবাদী পেনশন সংগঠনের আহ্বায়ক মনোজ চক্রবর্তী এই ব্যাপারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে লিখিতভাবে অনুরোধও করেন। সংশ্লিষ্ট পেনশনভোগীদের জন্য চিকিৎসা খরচের পুরোটাই ক্যাশলেস করার দাবি ছিল। তবে এখনো পর্যন্ত যা হয়েছে তাতে খুশি এই সংগঠন।



