Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কাঁচরাপাড়ার স্কুলে টাকা উদ্ধার: ২ হিসাবরক্ষকের জবাবেই অসংগতি

কাঁচরাপাড়ার হারনেট ইংলিশ মিডিয়াম স্কুলে উদ্ধার হওয়া পৌনে ২ কোটি টাকার রহস্য এখনো উদ্‌ঘাটিত হয়নি।

কাঁচরাপাড়ার স্কুলে টাকা উদ্ধার: ২  হিসাবরক্ষকের জবাবেই অসংগতি
  • ১৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কাঁচরাপাড়ার হারনেট ইংলিশ মিডিয়াম স্কুলে উদ্ধার হওয়া পৌনে ২ কোটি টাকার রহস্য এখনো উদ্‌ঘাটিত হয়নি। অ্যাকাউন্টেন্ট অভীক নাগ এবং জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট সায়ন পালকে দফায় দফায় জেরা করেছেন তদন্তকারী অফিসাররা। কিন্তু ওই দুই হিসাবরক্ষকের জবাবে অনেক ‘অসংগতি’ পেয়েছেন তদন্তকারীরা। বৃহস্পতিবার রাতে ওই দুজনকে গ্রেপ্তার করে বারাকপুর আদালতে তোলা হয় শুক্রবার। এদিন ধৃতদের ছয়দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এদিন সন্ধ্যায় ওই স্কুলে নিয়ে যাওয়া হয় তাঁদের। কোথায় এবং কীভাবে টাকা রাখা হয়েছে, তাঁদেরকে দিয়ে পুনর্নির্মাণ করা হয় সেই ঘটনার।

Advertisement

তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরার সময় ধৃতরা জানান যে, ওই স্কুলের পরিচালন সমিতির এক কর্তা বিদ্যালয়ের ছাদ বানানোর জন্য দেড় কোটি টাকা নিয়ে গিয়ে আর ফেরত দেননি। তাহলে উদ্ধার হওয়া ১ কোটি ৭৭ লক্ষ টাকার উৎস কী, তাও পরিষ্কার করে জানাননি অভীক নাগ এবং সায়ন পাল। এই স্কুলে অভীক নাগকে চাকরি দিয়েছিলেন ওই কর্তা। বুধবার তিনি পদত্যাগ করতে এলে স্কুলের প্রিন্সিপাল এবং শিক্ষক-শিক্ষিকারা তাঁকে চেপে ধরেন। স্কুলের ফান্ডের হিসাব দাবি করা হয়। তখনই এই বিপুল অর্থভাণ্ডারের হদিশ মেলে। এই ঘটনার পর স্কুলের শিক্ষক-শিক্ষিকারা অভিযোগ করেন, আগে বহিরাগত লোকজন এসে তাঁদের উপর অত্যাচার করত। কিন্তু কোনো প্রতিবাদ করা যেত না। তোলা যেত না কোনো প্রশ্ন। এই নামী স্কুলটিকে কেউ কেউ তাঁদের ‘বাপের জমিদারি’ বলেই মনে করতেন! স্থানীয় বিধায়ক সুদীপ্ত দাস বলেন, স্কুল স্বাভাবিক নিয়মেই চলবে। এ নিয়ে অভিভাবক, পড়ুয়াদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাই নেবে প্রশাসন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ