মায়ানমারে সশস্ত্র গোষ্ঠীকে প্রশিক্ষণ মামলা, ৭ বিদেশিকে ভারতের বাইরে থাকার সময় বাড়াল আদালত
  • ২৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মার্কিন নাগরিক ম্যাথু ভ্যানডাইক ও ইউক্রেনের ৬ নাগরিককে ভারতের বাইরে থাকার সময়সীমা বাড়াল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। শুক্রবার আদালত জানিয়েছে, আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের বাইরে থাকতে পারবেন তাঁরা। গত মার্চ মাসে এই সাত নাগরিককে অনুমতি ছাড়া মিজোরামে প্রবেশ ও সীমান্ত পেরিয়ে মায়ানমারে গিয়ে সশস্ত্র গোষ্ঠীগুলিকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। আদালতে এনআইএ জানিয়েছিল, এই ঘটনার সঙ্গে জড়িত বিষয়গুলি তদন্ত করতে আরও কিছুটা সময় লাগবে। এরপরেই তাঁদের ভারতের বাইরে থাকার সময়সীমা বৃদ্ধির অনুমতি দেয় আদালত। এর আগে মার্কিন নাগরিক ম্যাথু ভ্যানডাইককে এক মাসের জন্য দেশে ফেরার অনুমতি দিয়েছিল আদালত। শুক্রবার তিনি ভারতে ফিরে আদালতে হাজির হন। অন্য ছ’জন ইউক্রেনের নাগরিক এখনও ভারতে ফিরে আসেননি। এদিন আদালত ফের এই সাতজনকে শর্তসাপেক্ষে দেশে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছে। আদালত জানিয়েছে, নির্দিষ্ট দিনে ভারতে ফিরে তাঁদের তদন্তে সহযোগিতা করতে হবে। প্রসঙ্গত, এনআইএ চার্জশিটে  সাত অভিযুক্তের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা করা হয়নি। তাঁদের বিরুদ্ধে নিষ্পত্তিযোগ্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টের আওতায় অভিযোগ আনা হয়েছে। গত মাসে আইন ভাঙার জন্য নির্ধারিত ফি জমা দিয়ে জামিন পান ভ্যানডাইক।

Advertisement