Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

শোভনদেবের প্রস্তাবক হিসেবে নয়নার সই নিয়ে মামলা দায়ের, চৌরঙ্গির বিধায়কের বাড়িতে সিআইডি

বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নামের প্রস্তাবক বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের সই নিয়ে বিতর্ক! প্রস্তাবকদের তালিকায় চৌরঙ্গির বিধায়ক ‘ক্যাপিটাল লেটারে’ সই করেছিলেন।

শোভনদেবের প্রস্তাবক হিসেবে নয়নার সই নিয়ে মামলা দায়ের, চৌরঙ্গির বিধায়কের বাড়িতে সিআইডি
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নামের প্রস্তাবক বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের সই নিয়ে বিতর্ক! প্রস্তাবকদের তালিকায় চৌরঙ্গির বিধায়ক ‘ক্যাপিটাল লেটারে’ সই করেছিলেন। নয়নাদেবীর নমুনা স্বাক্ষরের সঙ্গে তা না মেলায়, হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছিলেন বিধানসভার সচিব।  জালিয়াতি, প্রতারণা সংক্রান্ত সেই মামলায় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবার  জিজ্ঞাসাবাদ করল সিআইডি। এদিন বিকেল পাঁচটা নাগাদ তদন্তকারীদের টিম তাঁর বাড়িতে যান। হাতের লেখার নমুনা সংগ্রহ করেন। এছাড়া প্যান কার্ডের নথি সহ আরো কিছু নমুনা সংগ্রহ করেছেন বলে খবর। তাঁর বয়ানও রেকর্ড করেন তদন্তকারীরা। নয়না ছাড়াও আরও পাঁচ বিধায়কের নামে একই অভিযোগ দায়ের হয়েছে। এরমধ্যে হাওড়া ডোমজুড়ের তৃণমূল বিধায়ক তাপস মাইতি, ক্যানিং পূর্বের বিধায়ক মহম্মদ বাহারুল ইসলামকেও সিআইডির তরফে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর মিলেছে।

Advertisement

সিআইডি সূত্রে খবর, বিগত ৬ মে দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিধানসভায় বিরোধী দলনেতা  কে হবেন, তা নিয়ে বৈঠক ছিল। সেখানে তৃণমূলের নির্বাচিত বিধায়করা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে উপস্থিত বিধায়কদের সই সংগ্রহ করা হয় দলের তরফে। বিরোধী দলনেতার প্রস্তাবক হিসেবে সই করেছিলেন নয়নাদেবীও। তাঁর সই ক্যাপিটাল লেটারে ছিল। বিধায়কদের সই করা ওই নথি বিধানসভায় যায়। সেখানে বিধানসভার সচিবের নজরে আসে নয়না দেবীর সই মিলছে না। সেই সঙ্গে আরও বেশ কয়েকজন বিধায়কের সই মিলছে না। যার ভিত্তিতে সচিব অভিযোগ করেন হেয়ার স্ট্রিট থানায়। পুলিশ জালিয়াতি প্রতারণার কেস রুজু করে। এই কেসের তদন্তভার পরে নেয় সিআইডি। সেই মামলায় জিজ্ঞাসাবাদ করতেই এদিন সন্ধ্যায় বিধায়কের বাড়িতে হাজির হয় সিআইডি টিম। প্রস্তাবক এর ফর্মে থাকা তাঁর সই দেখিয়ে তদন্তকারীরা নয়নাদেবীর কাছে জানতে চান, এটি তাঁর কি না?  বিধায়ক জানান, এটি তাঁরই সই। এরপর সইয়ের আরও নমুনা নেন অফিসাররা। নয়না দেবীর প্যান কার্ডের নথি নিয়ে তাতে থাকা সই মিলিয়ে দেখা হয়। ওই সইয়ের নমুনা নেওয়া হয়। এরপর প্যান কার্ড  বাজেয়াপ্ত করে সিআইডি । যদিও ‘জিম্মানামা’ করে ওই কার্ড তাঁকে দিয়ে দেওয়া হয়। বিধায়ককে সিজার লিস্ট দেওয়া হয়েছে। তাঁর বক্তব্য ভিডিওগ্রাফি করেন তদন্তকারী টিমের সদস্যরা। অন্য  যে  সমস্ত বিধায়কদের সই নিয়ে গরমিলের অভিযোগ উঠেছে, তাঁদের কাছেও বয়ান রেকর্ড করতে যাবে সিআইডি টিম।

Advertisement
সম্পর্কিত সংবাদ