নয়াদিল্লি: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের (ইপিএফও) প্রায় ১৮১৬ কোটি টাকা জালিয়াতির অভিযোগ। রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড (আরসিএল) সংস্থার প্রাক্তন চেয়ারম্যান অনিল অম্বানি এবং কয়েকজন সরকারি কর্মীর বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করল সিবিআই। কেন্দ্রীয় সংস্থার দায়ের করা অভিযোগে বলা হয়েছে, ২০১৩-১৪ সালে রিলায়েন্স ক্যাপিটালের ‘সিকিয়োর্ড নন-কনভার্টিবল ডিবেঞ্চার’-এ ২,৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছিল ইপিএফও। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেই টাকা ফেরত পাওয়া যায়নি। অভিযোগ, ওই অর্থের অনিয়মিত লেনদেন করা হয়েছে। পরে ইপিএফওকে ১৪৯২ কোটি টাকা ফেরত দেওয়া হলেও সবটা মেটানো হয়নি। সিবিআইয়ের হিসাব বলছে, ইপিএফও-র ১,০০৭.৫৫ কোটি মূলধন এবং ৮০৮.৬৭ কোটি সুদ-সহ মোট ১,৮১৬.২২ কোটি টাকা বাকি রয়েছে। গত ৩১ জুলাই এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে সিবিআই। তদন্তকারীরা জানিয়েছেন, বিনিয়োগের অর্থ কোথায় ব্যবহৃত হয়েছে তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি জালিয়াতির নেপথ্যে সরকারি কর্মীদের ভূমিকাও খোঁজা হবে। তবে অনিল অম্বানির মুখপাত্র সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।



