মুম্বই: ছুটির দিনের ভোর। ফাঁকা রাস্তায় বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের ডিভাইডার ভেঙে ৭৫ ফুট নীচে পড়ল গাড়ি। বেঘোরে মৃত্যু হল গাড়ির আরোহী তিন পড়ুয়ার। তাঁদের এক সঙ্গীও গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার মুম্বইয়ের কোস্টাল রোডের এই দুর্ঘটনার সময় কালো রংয়ের ওই বিএমডব্লুটি অত্যন্ত দ্রুতগতিতে ছুটছিল বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, ভোর ৫টা ২০ মিনিট নাগাদ গাড়িটি মেরিন ড্রাইভ থেকে হাজি আলির দিকে যাচ্ছিল। চালকের আসনে ছিলেন শান্য গজ্জল (২১) নামে এক যুবক। বিএমডব্লিউটি তাঁর পরিবারের। গাড়িতে ছিলেন ধৈর্য শেঠ (১৭), আদিত্য জাকাসানিয়া (১৯) এবং আদিত্য ওসওয়াল (২৩)। তাঁরা চারজনই ম্যানেজমেন্টের পড়ুয়া। পেয়িং গেস্ট হিসাবে জহুর কাছে থাকতেন। বেপরোয়া গতির কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গজ্জল। এরপর লালা লাজপত রাই কলেজের কাছে ডিভাইডারে সজোরে ধাক্কা মেরে এলিভেটেড রুট থেকে সোজা নীচে পড়ে যায় গাড়িটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসে পুলিশ। চারজনকে উদ্ধার করে স্থানীয় নায়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গজ্জল, ধৈর্য এবং আদিত্য জাকাসানিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যদিকে, আদিত্য ওসওয়ালের আঘাত গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর। পুলিশ জানতে পেরেছে, চারজনই মেরিন ড্রাইভে গিয়েছিলেন। সেখান থেকে ভোরে বাড়ি ফিরছিলেন তাঁরা। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে মুম্বই পুলিশ।