Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ওএলএক্স থেকে গাড়ির নম্বর চুরি

সেকেন্ড হ্যান্ড একটি গাড়ির ব্যবস্থা ছিলই। শুধু প্রয়োজন ছিল ‘যথাযথ’ নম্বর প্লেট। একেবারে ‘মডেল’ মিলিয়ে। সেই আয়োজন হল। ওএলএক্স থেকে। মডেল ম্যাচ করল।

ওএলএক্স থেকে গাড়ির নম্বর চুরি
  • ৮ মে, ২০২৬ ০৮:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সেকেন্ড হ্যান্ড একটি গাড়ির ব্যবস্থা ছিলই। শুধু প্রয়োজন ছিল ‘যথাযথ’ নম্বর প্লেট। একেবারে ‘মডেল’ মিলিয়ে। সেই আয়োজন হল। ওএলএক্স থেকে। মডেল ম্যাচ করল। আর তার সঙ্গেই ‘চুরি’ হয়ে গেল নম্বর প্লেট। সেই ‘ভুয়ো’ নম্বরের গাড়িতে চেপেই বুধবার রাতে শার্প শ্যুটাররা খুন করল শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে। অথচ জানতেই পারলেন না ওই রেজিস্ট্রেশন নম্বরের আসল মালিক। তদন্তে নেমে এই তথ্য পেয়েছে সিট।

Advertisement

মধ্যমগ্রামে চন্দ্রনাথের স্করপিও প্রথমে আটকায় একটি ছোটো গাড়ি। তাকে ফলো করছিল দু’টি বাইক। সঙ্গে সঙ্গে তার থেকে নেমে আসে শ্যুটাররা। গুলিতে ঝাঁঝরা করে দেয় শুভেন্দুর আপ্ত সহায়ককে। যে গাড়িটি চন্দ্রনাথকে আটকেছিল, তদন্তে নেমে পুলিশ দেখে, সেটির রেজিস্ট্রেশন শিলিগুড়ির। যোগাযোগ করা হয় শিলিগুড়ি কমিশনারেটের সঙ্গে। মাটিগাড়া থানার পুলিশ রাতেই গাড়ির মালিক উইলিয়াম জোসেফের বাড়িতে যায়। তিনি জানান, সপ্তাহ দুই আগে বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন ওএলক্সে। সেখানে গাড়ির নম্বর-সহ সব ছবি ছিল। তদন্তকারীরা বুঝতে পারেন, ওলএক্স থেকে গাড়ির নম্বর চুরি করেছে আততায়ীরা। শুধু নম্বর বদলানো নয়, স্থানীয় গ্যারাজে গিয়ে গাড়ির ইঞ্জিন ও চেসিস নম্বর ওয়েল্ডিং করে মুছে ফেলে অভিযুক্তরা। তদন্তকারীরা এখন গাড়ির বিভিন্ন অ্যাকসেসরিজের ব্যাচ নম্বর কোম্পানিতে পাঠিয়েছেন। সেই সূত্র ধরে জানা যাবে গাড়িটি কবে তৈরি হয়েছিল। আর তারপর ইঞ্জিন ও চেসিস নম্বর। আসল মালিক খুঁজে বের করতে সময় লাগবে না, আশাবাদী তদন্তকারীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ