সিমলা, ১১ মে: ভোরের আলো ফুটতে না ফুটতেই মর্মান্তিক দুর্ঘটনা। একটি যাত্রী বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় গভীর খাদে। দুর্ঘটনাটিতে মৃত ছয় পর্যটক এবং আহত চার। ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের চাম্বা জেলায়। গাড়িটি খাদে পড়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এরপর ঘটনাস্থলে এসে পৌঁছয় স্থানীয় বাসিন্দারা। দেরি না করে পুলিশে খবর দেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এবং উদ্ধারকর্মীরা এসে তৎপরতার সঙ্গে উদ্ধারকার্য শুরু করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে গাড়িটি প্রায় ৩০০ মিটার গভীর খাদে পড়ে গিয়েছে। গাড়িটির রেজিস্ট্রেশন মান্ডি জেলার। জানা গিয়েছে গাড়িতে থাকা পর্যটকরা গুজরাতের বাসিন্দা। পাহাড়ি দুর্গম এলাকায় দুর্ঘটনাটি ঘটায় উদ্ধার কাজে বেশ ঝুঁকি পোহাতে হয় উদ্ধারকারীদের। এখনও পর্যন্ত মোট ছয় জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই সঙ্গে জখম হওয়া চার জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁদের অবস্থা এখন আশঙ্কাজনক। পুলিশের অনুমান, পাহাড়ের রাস্তায় বাঁক নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনার জেরে সাময়িক ভাবে বন্ধ করে রাখা হয়েছিল যান চলাচল। এখন পরিস্থিতি স্বাভাবিক।
এর আগের চলতি মাসেই কুলু জেলার জলোরি জোতের কাছে একই ভাবে একটি গাড়ি খাদে পড়ে যায়। সেই ঘটনায় তিন পর্যটকের মৃত্যু এবং ১৭ জন আহত হন। পাহাড়ি রাস্তায় বারবার একই ঘটনা ঘটায় প্রশাসনকে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঘটনাটি খতিয়ে দেখছে তদন্তকারী দল।