নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের কাছে গাড়ির রেজিস্ট্রেশন ফি কমানোর আরজি জানালেন ডিলাররা। তাঁদের দাবি, দেশের একাধিক ‘ডবল ইঞ্জিন’ সরকার এই ছাড় দেয়। বাংলাতেও সেই ছাড় মিললে সব পক্ষের লাভ।
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের কাছে গাড়ির রেজিস্ট্রেশন ফি কমানোর আরজি জানালেন ডিলাররা। তাঁদের দাবি, দেশের একাধিক ‘ডবল ইঞ্জিন’ সরকার এই ছাড় দেয়। বাংলাতেও সেই ছাড় মিললে সব পক্ষের লাভ।
বুধবার শহরে ‘ফেডারেশন অব অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশনস’ (ফাডা) আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট সাই গিরিধর রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিংকে জানান, বছরের যে সময় গাড়ি বিক্রিতে ভাটা থাকে, সেই সময় উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ বা ছত্তিশগড়ের মতো রাজ্যগুলিতে গাড়ি মেলার আয়োজন করা হয়। সেখানে সরকারের পক্ষ থেকে রেজিস্ট্রেশন খরচে ছাড় দেওয়া হয়। এখানেও যাতে সেই উদ্যোগ নেওয়া হয়, তার আরজি জানান তিনি। ফাডা’র দাবি, বাংলা থেকে গাড়ির রেজিস্ট্রেশন বাবদ গড়ে সাড়ে তিন হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয় রাজ্য সরকারের। জিএসটি বাবদ আদায় হয় প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা। বছরে গড়ে প্রায় ১৩ লক্ষ ৬০ হাজার গাড়ি বিক্রি হয় বাংলায়। গিরিধরের বক্তব্য, ‘এই ব্যবস্থায় যেমন ক্রেতারা উপকৃত হবেন, তেমনই গাড়ি বিক্রি বাড়বে এবং রাজস্ব আদায়ও বৃদ্ধি পাবে।’ সেই সঙ্গে তাঁর আবেদন, রাজ্যের নানা প্রান্তে অটো পার্ক তৈরি হোক, যেখানে সব ধরনের গাড়ির সার্ভিসসহ অন্যান্য পরিষেবা মিলবে। রাজস্থানে এই উদ্যোগ সফল হয়েছে বলে জানান তিনি। এদিন অর্জুন সিং বলেন, ‘নতুন সরকার ক্ষমতায় আসার পর দেখা গিয়েছে, রাজ্যে ২৭ লক্ষ গাড়ির রেজিস্ট্রেশন নেই। তার অর্ধেককে বৈধ করা গেলেও বাকিগুলি যায়নি। সেগুলিও বৈধ করা হবে।’ তিনি জানিয়েছেন, রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে দালালরাজ বন্ধ করা হবে। চালু হবে অনলাইন পরিষেবা। স্কুলের পুলকারগুলিকেও রেজিস্ট্রেশন দেওয়ার উদ্যোগ নেবে সরকার।