Bartaman Logo
৫ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

দল নিয়ে আর পরীক্ষা-নিরীক্ষা চান না ক্যাপ্টেন শুভমান গিল

সাড়ে তিনশোর উপর রান তুলেও ৫ উইকেটে হার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে ভারতীয় বোলিংয়ের দুর্বলতা স্পষ্ট

দল নিয়ে আর পরীক্ষা-নিরীক্ষা চান না ক্যাপ্টেন শুভমান গিল
  • ৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সাড়ে তিনশোর উপর রান তুলেও ৫ উইকেটে হার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে ভারতীয় বোলিংয়ের দুর্বলতা স্পষ্ট। তাই পরাজয়ের পর হতাশা চাপা থাকেনি ক্যাপ্টেন শুভমান গিলের। ক্যারিবিয়ান বাহিনীকে হোয়াইটওয়াশ করতে না পারার আক্ষেপ নিয়ে তিনি বলেন, ‘গত কয়েকটি সিরিজে আমাদের চোট সমস্যা ভীষণই ভুগিয়েছে। আশা করছি, পরের সিরিজে এটা থেকে বেরিয়ে আসতে পারব।’

Advertisement

আগামী বছর আফ্রিকার মাটিতে বসবে ওয়ান ডে বিশ্বকাপের আসর। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ের সঙ্গে নামিবিয়ায় হবে ম্যাচগুলি। টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর ম্যান্ডেলার দেশের কাপযুদ্ধকে পাখির চোখ করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতিও শুরু করে দিয়েছে ভারত। প্রথম দু’টি ম্যাচ অনায়াসে জেতায় বুমরাহদের অনুপস্থিতি টের পাওয়া যায়নি। মূলত ব্যাটিং সহায়ক উইকেটে বোলারদের তেমন কিছু করার সুযোগ ছিল না। কিন্তু তৃতীয় একদিনের ম্যাচে ভারতীয় বোলিং প্রত্যাশার ধারেকাছে পৌঁছাতে পারেনি। তাহলে কি পরের সিরিজে দল নিয়ে পরীক্ষার পথে হাঁটবে টিম ম্যানেজমেন্ট? প্রশ্নের জবাবে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন শুভমান গিল বলেন, ‘আমি আর পরীক্ষা-নিরীক্ষার পক্ষে নই। হাতে খুব বেশি সময় নেই। আমারা সেরা একাদশ নিয়েই মাঠে নামতে চাই। আগামী সিরিজে প্রত্যেককেই পাওয়া যাবে। বিশ্বকাপে যে স্কোয়াড খেলানোর কথা ভাবা হচ্ছে, সেটা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।’
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলেননি বুমরাহ। তিনি এশিয়ান গেমসে ভারতের জার্সিতে অংশ নিয়েছিলেন। ফলে গুরনুর ব্রার, অংশুল কম্বোজ, মহম্মদ সিরাজদের উপর ভরসা রাখতে হয়েছিল দলকে। সেই সঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণার চোটও টিম ইন্ডিয়ার কাছে ছিল বড়ো ধাক্কা। সব মিলিয়ে বিশ্বকাপের আগে ভারতীয় বোলিংয়ের খামতি মেটানোই কোচ গম্ভীরের কাছে প্রধান চ্যালেঞ্জ। নতুন বলে নীতীশ রেড্ডির পারফরম্যান্সও পাতে দেওয়ার মতো নয়। সেই সঙ্গে হার্দিক পান্ডিয়ার চোটের ধারাবাহিকতাও দলকে দুর্বল করেছে।
তবে এই সিরিজে ভারতের আসল প্রাপ্তি ব্যাটিংয়ে তারকাদের কামব্যাক। রোহিত শর্মা দুরন্ত ফর্মে ধরা দিয়েছেন। বিরাট কোহলিও চেনা ছন্দে। শুভমান গিল স্বমহিমায়। আর গত ম্যাচে লোকেশ রাহুলের বড়ো রান পাওয়া টপ অর্ডারের অনেক সমস্যা মিটিয়ে দিয়েছে। তবে ব্যাটিংয়ের উপর ভর করে সব সিরিজ জেতা যে সম্ভব নয়, সেটা ভালোই জানেন গিল। তাই তিনি বোলিং ইউনিটে সেরা কম্বিনেশন নিয়ে বিশ্বকাপ পর্যন্ত প্রস্তুতির কথা বলেছেন। 
এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচটি টি-২০ খেলবে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচ মঙ্গলবার। এশিয়ান গেমসে সোনা জয়ের পর মনোবল তুঙ্গে শ্রেয়স ব্রিগেডের। জাপানে মাটিতে আয়োজিত গেমসে বড়ো স্কোর পায়নি বৈভব সূর্যবংশী। তাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তার ব্যাটে রানের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ