Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অধিনায়ক রাহানেই, ইডেনে আজ অনুশীলন শুরু নাইট রাইডার্সের

কোচ বদলের পর অধিনায়ক পরিবর্তনের জল্পনা জোরালো হয়েছিল। তবে তাতে যবনিকা পড়ল মঙ্গলবার। কেকেআরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, ছাব্বিশের আইপিএলে অজিঙ্কা রাহানেই নেতৃত্ব দেবেন।

অধিনায়ক রাহানেই, ইডেনে আজ অনুশীলন শুরু নাইট রাইডার্সের
  • ১৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোচ বদলের পর অধিনায়ক পরিবর্তনের জল্পনা জোরালো হয়েছিল। তবে তাতে যবনিকা পড়ল মঙ্গলবার। কেকেআরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, ছাব্বিশের আইপিএলে অজিঙ্কা রাহানেই নেতৃত্ব দেবেন।

Advertisement

আসলে শ্রেয়স আয়ার দল ছাড়ার পর ক্যাপ্টেন চয়নে বেশ বিপাকে পড়তে হয়েছিল শাহরুখ খানের দলকে। শেষ পর্যন্ত বর্ষীয়ান রাহানের উপরই ভরসা রেখেছিল দল। ব্যক্তিগতভাবে গত আইপিএলে নেতৃত্বের বোঝা সামলে রাহানে ভালো পারফর্মও করেছিলেন। তবে সামগ্রিকভাবে দলের পারফরম্যান্স ছিল বেশ হতাশাজনক। সেই কারণেই কোচের পদ থেকে সরানো হয় চন্দ্রকান্ত পণ্ডিতকে। তাঁর জায়গায় দায়িত্ব নিয়েছেন অভিষেক নায়ার। একটা সময় তিনি ভারতীয় দলে গম্ভীরের সহকারী হয়েছিলেন। কিন্তু টিম ইন্ডিয়ায় নায়ারের কোচিং কেরিয়ার দীর্ঘ হয়নি। 
ঘরোয়া ক্রিকেটে ব্যক্তিগত উদ্যোগে নায়ারের কোচিংয়ে অনেক তারকাকেই দেখা গিয়েছে। সেই তালিকায় রয়েছেন রোহিত শর্মা, শ্রেয়স আয়ার, দীনেশ কার্তিকের মতো ক্রিকেটাররা। তবে হেড কোচ হিসেবে নতুন যাত্রা শুরু করবেন মুম্বইকর। ফলে বড় চ্যালেঞ্জ তাঁর কাছেও। রাহানের সঙ্গে নায়ারের রসায়নও বেশ ভালো। দু’জনেই মুম্বইকর। ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা, গতবারের তুলনায় এবার নাইটরা ভালো পারফর্ম করবে।
২৮ মার্চ শুরু আইপিএল। পরের দিন অর্থাৎ ২৯ মার্চ নামবে কেকেআর। ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিং খানের দলের সামনে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলে ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, বেগুনি-সোনালি জার্সিধারীদের মুম্বই সফর অতীতে সুখের হয়নি। তাই আইপিএল অভিযানের শুরুতে মুম্বইয়ের গাঁট টপকানোর কঠিন পরীক্ষা বরুণ চক্রবর্তীদের সামনে। আগামী কয়েকদিন ইডেনে তারই মহড়া চলবে। বুধবার বিকাল পাঁচটায় শুরু অনুশীলন। তিনটি ভাগে কেকেআরের ক্রিকেটার, সাপোর্ট স্টাফরা কলকাতায় আসছেন। মঙ্গলবার শিবিরে যোগ দিয়েছেন বোলিং কোচ শেন ওয়াটসন, ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে, ব্লেসিং মুজারাবানি, সার্থক রঞ্জন, প্রশান্ত সোলাঙ্কিরা। বুধবার চেক-ইন করবেন নিউজিল্যান্ডের ত্রয়ী ফিন অ্যালেন, টিম সেইফার্ট ও রাচীন রবীন্দ্র। পাশাপাশি, অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনেরও আসার কথা। তবে পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে আন্তর্জাতিক বিমান চলাচলে বিঘ্ন ঘটছে। তাই ক্যারিবিয়ান ক্রিকেটারদের কলকাতায় পৌঁছাতে ১৯ মার্চ হয়ে যাবে। সুনীল নারিন, রভম্যান পাওয়েলরা এবারের আইপিএলে কেকেআরের জার্সিতে বড় ভূমিকা নেবেন।  

সম্পর্কিত সংবাদ