Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

লিও মেসিকে সম্মান জানাবে কেপ ভার্দে

কেপ ভার্ডে লিও মেসির সম্মানে জার্সি তুলে দিতে প্রস্তুত। আর্জেন্তিনার বিরুদ্ধে তাদের গর্বের লড়াই। বিস্তারিত পড়ুন।

লিও মেসিকে সম্মান জানাবে কেপ ভার্দে
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কানসাস সিটি: একদিনের ছুটি কাটিয়ে নক-আউটের প্রস্তুতিতে নেমে পড়ল আর্জেন্তিনা। শুক্রবার নবাগত কেপ ভার্দের মুখোমুখি হবেন লিও মেসিরা। গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিক সেরে রাউন্ড অব ৩২’এর টিকিট নিশ্চিত করেছেন তাঁরা। পক্ষান্তরে, স্পেন-উরুগুয়ের মতো দলকে রুখে চমক দিয়েছে কেপ ভার্দে। তা সত্ত্বেও শুক্রবারের ম্যাচে অবিসংবাদিত ফেভারিট হিসেবেই মাঠে নামবে আর্জেন্তিনা। কোচ লায়োনেল স্কালোনি অবশ্য প্রতিপক্ষকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। বিশেষত জার্মানি ও নেদারল্যান্ডসের বিদায়ের পর অনেক বেশি সাবধানী। মঙ্গলবার অনুশীলনের শুরুতে দীর্ঘক্ষণ ফুটবলারদের সঙ্গে কথা বলেন তিনি। 

Advertisement

বিশ্বকাপের আগে থেকেই চোট সমস্যায় জর্জরিত আর্জেন্তিনা। গ্রুপ পর্ব চলাকালীন চোট পেয়েছিলেন টাগলিয়াফিকো, ক্রিশ্চিয়ান রোমেরো। তবে নক-আউটের আগে দুই ফুটবলারই ফিট। যদিও রোমেরোকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে নারাজ স্কালোনি। প্রয়োজনে কেপ ভার্দের বিরুদ্ধেও রক্ষণে লিসান্ড্রো মার্তিনেজের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে অভিজ্ঞ ওটামেন্ডিকে।
এদিকে, প্রথমবার বিশ্বকাপে খেলতে নেমেই নক-আউটে পৌঁছেছে কেপ ভার্দে। এবার তাদের সামনে আর্জেন্তিনা। আফ্রিকার দেশটি এই লড়াইকে গর্ব হিসেবেই দেখছে। প্রেসিডেন্ট হোসে মারিও নেভেসের কথাতেই তা স্পষ্ট। তিনি বলেন, ‘মেসির বিপক্ষে খেলা দেশবাসীর কাছে গর্বের। মাঠের লড়াই যাই হোক না কেন, বিশ্বের সেরা ফুটবলারকে সম্মান জানানোর সুযোগ হাতছাড়া করতে চাই না। আমাদের ১০ নম্বর লেখা জার্সি ওর হাতে তুলে দিতে চাই।’

Advertisement
সম্পর্কিত সংবাদ