Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ঈশ্বরের শরণাপন্ন প্রার্থীরা ধর্মীয় অনুষ্ঠানে জনসংযোগ

ভোট বৈতরণী পার হতে ঈশ্বরের শরণাপন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। শনিবার কাউকে দেখা গেল মন্দিরে পুজো দিতে, কেউ ধর্মীয় অনুষ্ঠানে জনসংযোগ সারলেন।

ঈশ্বরের শরণাপন্ন প্রার্থীরা ধর্মীয় অনুষ্ঠানে জনসংযোগ
  • ২২ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: ভোট বৈতরণী পার হতে ঈশ্বরের শরণাপন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। শনিবার কাউকে দেখা গেল মন্দিরে পুজো দিতে, কেউ ধর্মীয় অনুষ্ঠানে জনসংযোগ সারলেন। এই তালিকায় বাদ যাননি বামফ্রন্টের প্রার্থীও। পবিত্র ইদের দিন মুসলিম সম্প্রদায়ের মানুষদের শুভেচ্ছা জানালেন তিনি।

Advertisement

শনিবার সকালে প্রথমে বনগাঁ সাইভাই কালীতলা মন্দিরে পুজো দেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। এরপর ভোট প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার বলেন, গোটা রাজ্যজুড়ে তালিবানি শাসন চলছে। ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, তৃণমূল সরকারের অপশাসন বন্ধ হোক। এদিন সকালে কর্মী, সমর্থকদের নিয়ে সাতভাই কালীতলা মন্দিরেই পুজো দিতে আসেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্য। মায়ের কাছে প্রার্থনা করে তিনি বলেন, আজ খুশির ইদ। সকালে মুসলিম ভাই-বোনেদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি। মন্দিরে এসেছি মায়ের আশীর্বাদ নিতে। আমরা ধর্মের ভেদাভেদ চাই না। সকল মানুষেরই সেবা করতে চাই।
শনিবার ইদ উপলক্ষে বনগাঁ ইদগাহ ময়দানে মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে ভালোবাসা ও শুভেচ্ছা বিনিময় করেন বনগাঁ উত্তরের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। এরপর শহরের বিভিন্ন এলাকায় প্রচার ও জনসংযোগ করেন তিনি। একইভাবে ইদ উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বনগাঁ উত্তর কেন্দ্রেরই বামফ্রন্ট প্রার্থী পীযূষ সাহা। মতিগঞ্জ এলাকায় মুসলিম ভাইদের বুকে টেনে নেন তিনি। পথচলতি মানুষের সঙ্গেও জনসংযোগ করেন। অন্যদিকে, বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া এদিন বিধানসভা এলাকার একাধিক ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হন। ভোট বৈতরণী পার হতে শ্রীপল্লি এলাকায় রাধাকৃষ্ণ মন্দির, শীতলা মন্দিরে গিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন। একটি ধর্মীয় সংকীর্তন অনুষ্ঠানেও যান তিনি। এরপর কর্মী, সমর্থকদের নিয়ে ভোট প্রচার করেন। 

সম্পর্কিত সংবাদ