Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পয়লা বৈশাখে গলসিতে জনসংযোগে সমস্ত দলের প্রার্থীরা

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গলসি বিধানসভায় সমস্ত রাজনৈতিক দল ব্যাপক প্রচারে নেমেছে। পহেলা বৈশাখকে কেন্দ্র করে জনসংযোগ করতে মরিয়া নেতাকর্মীরা।

পয়লা বৈশাখে গলসিতে জনসংযোগে সমস্ত দলের প্রার্থীরা
  • ১৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানকর: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গলসি বিধানসভায় সমস্ত রাজনৈতিক দল ব্যাপক প্রচারে নেমেছে। পহেলা বৈশাখকে কেন্দ্র করে জনসংযোগ করতে মরিয়া নেতাকর্মীরা। বছরের প্রথম দিনে সকালে কারও গন্তব্য মন্দির, কেউ আবার রোজকার মতোই জনসংযোগ সারবেন। কেউ আবার হালখাতার নিমন্ত্রণ রক্ষা করে কর্মীদের সঙ্গে মিষ্টিমুখ করে প্রচারে নামবেন। গলসি বিধানসভায় এবার তৃণমূল অলোককুমার মাঝিকে প্রার্থী করেছে। রোজ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে গিয়ে তিনি জনসংযোগ করছেন। শাসকদলের নেতা জনার্দন চট্টোপাধ্যায় বলেন, প্রতি বছরই পহেলা বৈশাখ আমরা জনসংযোগ করি। এবারও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে তৈরি খতিয়ান, উন্নয়নের পাঁচালি, শুভ নববর্ষের স্টিকার নিয়ে বাজারের দোকান ও মানুষের কাছে যাওয়া হবে। ভোট চাওয়ার সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় হবে। এই কেন্দ্রে বিজেপি রাজু পাত্রকে প্রার্থী করেছে। বুলডোজার নিয়ে নমিনেশন জমা দিয়ে তিনি সবার নজরে এসেছেন। পহেলা বৈশাখেও জনসংযোগে মন দেবেন। বিজেপি নেতা কৌশিক কোনার বলেন, বাঙালির নিজস্ব সংস্কৃতি পহেলা বৈশাখ। মানুষের শুভেচ্ছা দীর্ঘদিন ধরে পেয়ে এসেছি। শুধু এ বছর নয়, নববর্ষের প্রথমদিনে এলাকার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় আমাদের অনেকদিনের অভ্যেস। নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দলীয় প্রার্থীকে ভোটে জয়ী করর আর্জি জানানো হবে। সিপিএম প্রার্থী মণিমালা দাস গলসি বিধানসভার বিভিন্ন এলাকায় গিয়ে প্রচার করছেন। অন্যদিনের মতো পহেলা বৈশাখেও প্রচারে খামতি হবে না বলে দলের নেতা হারাধন ঘোষ জানান।  

Advertisement
সম্পর্কিত সংবাদ