


নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বৃষ্টিবিঘ্নিত শনিবার দাপিয়ে প্রচার করলেন হুগলির ভোট প্রার্থীরা। বাম ও তৃণমূল সব বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলেও বিজেপির এখনও করেনি। পাশাপাশি অনেক জায়গাতেই প্রার্থী নিয়ে বিজেপির অন্দরে অসন্তোষ তৈরি হয়েছে। ফলে শনিবার প্রচারে তৃণমূলের সঙ্গে মূলত টক্কর দিতে দেখা গিয়েছে বাম প্রার্থীদের।
শনিবার ছিল ইদ। তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এদিন মূলত শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে প্রচার সেরেছেন। শ্রীরামপুর থেকে চণ্ডীতলা, চুঁচুড়া থেকে পাণ্ডুয়া, একই দৃশ্য দেখা গিয়েছে। চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এদিন সকালে কারবালার ইদগাহ ময়দানে উপস্থিত ছিলেন। বৃষ্টির মধ্যে তিনি পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া সব দলের প্রার্থীদের প্রচারই এদিন হুগলিতে দেখা গিয়েছে। তবে নাগরিকদের দাবি, আড়ে বহরে, অভিনব প্রচারে এবং আয়োজনে নজর কেড়েছে রাজ্যের শাসকদল। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা হুগলির ময়দানে ঘাম ঝরিয়েছেন। এদিন সপ্তগ্রামের প্রার্থী প্রাক্তন ফুটবলার বিদেশ বসু, জেলা পরিষদের সভাধিপতি ও বলাগড়ের প্রার্থী রঞ্জন ধাড়া, হুগলির জেলা সভাপতি ও চাঁপদানির প্রার্থী অরিন্দম গুঁইনদের বাহারি প্রচার দেখা গিয়েছে। বলাগড়ে এদিন প্রচার করেন বিজেপির প্রার্থী সুমনা সরকার। অন্যদিকে সপ্তগ্রামে প্রচার করেন বিজেপির স্বরাজ ঘোষ। বাম প্রার্থীদেরও এদিন প্রচারের ময়দানে ব্যাপকভাবে দেখা গিয়েছে। উত্তরপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে দেখা গিয়েছে সিপিএম প্রার্থী ও দলের রাজ্য নেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়কে। এদিন তিনি প্রচারে বেরিয়ে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, ওই হাসপাতালে কোনও পরিষেবাই ঠিকঠাক পাওয়া যায় না। এছাড়া বলেন, রাজ্য সরকার মিথ্যে প্রচার ছাড়া কিছুই করেনি। উত্তরপাড়া তার প্রমাণ। যদিও তৃণমূল নেতা ও উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, উনি শেখানো বুলি বলছেন। বাস্তব পরিস্থিতি জানেন না। উত্তরপাড়ার পুরসভা হাসপাতালে উচ্চমানের পরিষেবা মেলে।
বৃষ্টির কারণে এদিন প্রচারপর্ব বিঘ্নিত হয়েছে। নেমেছে তাপমাত্রার পারদ। কিন্তু হুগলিজুড়ে প্রার্থীদের বাহারি ও দমদার প্রচারের জেরে প্রথম শনিবারের রাজনৈতিক আবহাওয়ায় শৈত্য নয় উষ্ণতার প্রভাব ছিল বেশি।