নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগে কোনো প্রতিষ্ঠানে ভরতি হয়ে যাওয়া প্রার্থীরা ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ে সুযোগ পাবেন না। ইঞ্জিনিয়ারিংয়ের কাউন্সেলিং ও ভরতি সংক্রান্ত এই বিজ্ঞপ্তিতে প্রবল সমালোচনার মুখে পড়েছিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজাম বোর্ড। অবশেষে সেই অবস্থান থেকে পিছিয়ে এল তারা। ছুটির দিন থাকা সত্ত্বেও রবিবার তড়িঘড়ি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগে ভরতি হয়ে যাওয়া ছাত্রছাত্রীরাও ফের সুযোগ পাবেন। এর জন্য ২৭ আগস্টের বিজ্ঞপ্তিটি বাতিল করা হচ্ছে। বলা হয়েছে, ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের সংশোধিত বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি ওয়েবসাইটে দেওয়া হবে। বোর্ড সূত্রের খবর, যাঁরা ইতিমধ্যেই ভরতি হয়ে গিয়েছেন, তাঁরাও ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ে অংশ নিয়ে অন্য প্রতিষ্ঠানে গেলে আগের আসন ফাঁকা হয়ে যাবে। সেক্ষেত্রে ফের একদফা কাউন্সেলিং করাতে হবে। এটা এড়ানোর জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটিসহ বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফে বলা হয়েছিল, এই ব্যবস্থায় ছাত্রছাত্রীরা ভালো আসন পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবে। এই শর্ত অবিলম্বে প্রত্যাহার করা হোক। তাতেই সাড়া দিয়ে এই বিজ্ঞপ্তি দিল জয়েন্ট বোর্ড।



