Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলার ১০ আসনে প্রার্থী বদল, ৮ আসনে নতুন মুখ

মুর্শিদাবাদের ২২টি আসনের মধ্যে ১০টি আসনে প্রার্থী বদল করল তৃণমূল। যার মধ্যে আটটি আসনে সম্পূর্ণ নতুন মুখকে বেছে নেওয়া হয়েছে।

জেলার ১০ আসনে প্রার্থী বদল, ৮ আসনে নতুন মুখ
  • ১৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অভিষেক পাল, বহরমপুর: মুর্শিদাবাদের ২২টি আসনের মধ্যে ১০টি আসনে প্রার্থী বদল করল তৃণমূল। যার মধ্যে আটটি আসনে সম্পূর্ণ নতুন মুখকে বেছে নেওয়া হয়েছে। দু’টি আসনে তৃণমূল বিধায়কদের অন্য আসনে বদল করা হয়েছে। প্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রতিটি কেন্দ্রেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থীরা। দেওয়াল লিখন থেকে শুরু করে ফ্লেক্স টাঙানো এবং ছোট ছোট মিছিল করে জনসংযোগ শুরু করেছেন ঘাসফুল শিবিরের সৈনিকরা। 

Advertisement

ফরাক্কা বিধানসভায় প্রার্থী করা হয়েছে সামশেরগঞ্জের বিদায়ী বিধায়ক আমিরুল ইসলামকে। সামশেরগঞ্জ বিধানসভায় নতুন প্রার্থী করা হয়েছে শিল্পপতি নুর আলমকে। লালগোলা বিধানসভায় প্রার্থী হয়েছেন চিকিৎসক আব্দুল আজিজ। নবগ্রাম বিধানসভায় এহাক নতুন মুখ শিক্ষক প্রণবচন্দ্র দাস তৃণমূলে বাজি। তিনি বর্তমানে নবগ্রাম পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ। ভরতপুর বিধানসভায় নতুন প্রার্থী হয়েছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মস্তাফিজুর রহমান (সুমন)। কয়েক মাস আগেই ডোমকল বিধানসভার বিধায়ক জাফিকুল ইসলাম প্রয়াত হয়েছেন। স্বাভাবিকভাবেই তাঁর জায়গায় এই বিধানসভায় প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে প্রার্থী করেছে তৃণমূল। অপরদিকে, বড়ঞা বিধানসভার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি। তাঁর জায়গায় নতুন প্রার্থী করা হয়েছে এক সময়ের কংগ্রেস বিধায়ক প্রতিমা রজককে। রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরীকে পাশের বিধানসভা বেলডাঙা আসনে প্রার্থী করা হয়েছে। রেজিনগরে নতুন প্রার্থী করা হয়েছে প্রাক্তন ব্লক তৃণমূলের সভাপতি আতাউর রহমানকে। তরুণ প্রজন্মের মুখকে সামনে এনে এই আসনে লড়াইয়ে ঝাঁপাচ্ছে শাসকদল। সীমান্তবর্তী জলঙ্গি বিধানসভায় নতুন প্রার্থী করা হয়েছে সর্বকনিষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে পরিচিত মুখ বাবর আলিকে। এদিন সকালে তাঁকে শাসক দলে যোগদান করানো হয়। তারপর দলের তরফে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। বাকি আসনে তৃণমূল প্রার্থীরা অপরিবর্তিত। 
বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা কান্দির তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার (ডেভিড) বলেন, ‘দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থীপদের নাম ঘোষণা করতেই  প্রতিটি বিধানসভা আসনে জোরদার প্রচার শুরু হয়েছে। আমার কেন্দ্রে মহিলারাও উৎসাহের সঙ্গে দেওয়াল লিখতে শুরু করে দিয়েছেন।’ জলঙ্গির নতুন প্রার্থী বাবর আলি বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে আমাকে শাসকদলের তরফে জলঙ্গি বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হয়েছে। ছোটবেলা থেকে মানুষের জন্য কাজ করি। আগামীতে বিধায়ক হয়ে সীমান্ত এলাকার মানুষের জন্য কাজ করতে সুবিধা হবে।’ 
ভরতপুর বিধানসভার নতুন প্রার্থী মুস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে এই আসনে লড়াই করার সুযোগ করে দিয়েছেন। জনপ্রতিনিধি হিসেবে মানুষের উন্নয়নের জন্য বহুদিন থেকে কাজ করি। সেই কাজের পরিধি আরো বাড়বে। ভূমিপুত্র হিসেবে মানুষ আমাকে আশীর্বাদ করবেন বলেই আশাবাদী।’  রেজিনগরের নতুন প্রার্থী আতাউর রহমান বলেন, ‘জীবনে প্রথমবার এতবড় লড়াইয়ে সামিল হলাম। দলনেত্রী ও সেনাপতির কাছে কৃতজ্ঞ। এদিন থেকেই প্রচার শুরু করে দিয়েছি।’ বিজেপির বিদায়ী বিধায়ক তথা মুর্শিদাবাদের বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ বলেন, ‘তৃণমূলের প্রার্থী তালিকায় বিশেষ কোনো চমক নেই। আমরা আশাবাদী জেলার অধিকাংশ আসনে আমাদের প্রার্থীরা জয়লাভ করবেন।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ