Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাঁকুড়া কেন্দ্রে পুরো দমে প্রচারে তৃণমূল, সিপিএমের, প্রার্থী ঘোষণা না হওয়ায় মুষড়ে পড়েছে পদ্ম শিবির

বাঁকুড়ায় তৃণমূল ও সিপিএম চুটিয়ে প্রচার শুরু করে দিলেও বিজেপিকে ময়দানে দেখা যাচ্ছে না। ঘাসফুল শিবিরের নেতানেত্রীরা দলের বাঁকুড়া কেন্দ্রের প্রার্থী চিকিৎসক অনুপ মণ্ডলের নামে দেওয়াল লিখছেন।

বাঁকুড়া কেন্দ্রে পুরো দমে প্রচারে তৃণমূল, সিপিএমের, প্রার্থী ঘোষণা না হওয়ায় মুষড়ে পড়েছে পদ্ম শিবির
  • ১৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রঞ্জুগোপাল মুখোপাধ্যায়, বাঁকুড়া: বাঁকুড়ায় তৃণমূল ও সিপিএম চুটিয়ে প্রচার শুরু করে দিলেও বিজেপিকে ময়দানে দেখা যাচ্ছে না। ঘাসফুল শিবিরের নেতানেত্রীরা দলের বাঁকুড়া কেন্দ্রের প্রার্থী চিকিৎসক অনুপ মণ্ডলের নামে দেওয়াল লিখছেন। সিপিএম পথসভা ও বাড়ি বাড়ি প্রচার শুরু করেছে। কিন্তু, বুধবার সন্ধ্যা পর্যন্ত বিজেপি বাঁকুড়া কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে পারেনি। তাতে পদ্ম শিবিরের নেতাকর্মীরা মুষড়ে পড়েছেন। কবে তাঁরা প্রার্থীর নাম জানতে পারবেন, তা এখনো স্পষ্ট নয়। ফলে প্রার্থীর সমর্থনে প্রচারে নামতে না পেরে দলীয় নেতৃত্বের উপর বাঁকুড়ার বিজেপি কর্মীরা অসন্তুষ্ট। কর্মীদের বক্তব্য, বাঁকুড়ায় বর্তমানে বিজেপি-র বিধায়ক রয়েছেন। ফলে বিধায়ককে প্রার্থী করা হলে বাকি কেন্দ্রগুলির সঙ্গে নাম ঘোষণা করে দেওয়া হতো। তাই কর্মীরা মনে করছেন, প্রার্থী পরিবর্তন হচ্ছেই। সেক্ষেত্রে দখলে থাকা বিধানসভা কেন্দ্রের জন্য কেন আগাম বিকল্প প্রার্থী বিজেপি ঠিক করে রাখতে পারল না? এই প্রশ্নও গেরুয়া শিবিরের নীচুতলা থেকে উঠতে শুরু করেছে। বিজেপিকে ব্যাকফুটে রাখতে বাম ও ঘাসফুল শিবির যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছতে চাইছে। তাই বিজেপি ময়দানে নামার আগেই তারা চুটিয়ে প্রচার শুরু করে দিয়েছে। 

Advertisement

তৃণমূল প্রার্থী অনুপবাবু বলেন, আমার হয়ে দলের নেতাকর্মীরা মঙ্গলবার থেকেই প্রচার শুরু করেছেন। দেওয়াল লিখন, কর্মিসভার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও প্রচার চলছে। আমরা অনেকটাই এগিয়ে থেকে শুরু করছি। 
সিপিএম প্রার্থী অভয় মুখোপাধ্যায় বলেন, বামেরা রাজ্যে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তারপর থেকেই পুরোদমে প্রচার শুরু হয়েছে। বাঁকুড়া শহর ও সংলগ্ন এলাকায় কয়েকটি পথসভা করেছি। দলের কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচারও চলছে।
বিজেপি-র বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, দু’-একদিনের মধ্যেই দলের তরফে বাঁকুড়া কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হবে। প্রার্থী ঘোষণা না হলেও বাঁকুড়ায় আমাদের প্রচার থেমে নেই। আমরা দলের প্রতীক এঁকে দেওয়াল লিখন করেছি। পরে সেখানে প্রার্থীর নাম লিখে দেওয়া হবে।     
উল্লেখ্য, তৃণমূলের প্রার্থী ঘোষণার দিনেই বাঁকুড়া পুরসভার চেয়ারপার্সন অলকা সেন মজুমদার শহরে দেওয়াল লেখেন। প্রচারের রণকৌশল সাজাতে কাউন্সিলারদের সঙ্গেও তিনি আলোচনা সেরেছেন। বুধবার বাঁকুড়া শহর সংলগ্ন জুনবেদিয়া এলাকায় দলের প্রার্থীকে নিয়ে দেওয়াল লেখেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। পরে বাঁকুড়া শহরের আইলাকান্দি এলাকার একটি লজে সাংসদ ও অনুপবাবু তৃণমূল কর্মীদের নিয়ে সভা করেন। ওই কর্মিসভায় প্রচারের ছক সাজানো হয়। চিকিৎসক অনুপবাবু মঙ্গলবারই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন। ফলে কর্মীদের সঙ্গে তাঁর এদিন পরিচয় করিয়ে দেওয়া হয়। যদিও তিনি তৃণমূলের মেডিকেল সংগঠনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার কারণে কর্মীদের কাছে অনুপবাবু পরিচিত মুখ। ফলে তাঁকে তৃণমূল কর্মীরা সহজেই আপন করে নিচ্ছেন। 
সিপিএম প্রার্থী অভয়বাবু দলের রাজ্য কমিটির সদস্য। শহরে তাঁর যথেষ্ট দাপট রয়েছে। যুব সংগঠন করার সময় দলের কমবয়সি কর্মীদের মধ্যে অভয়বাবুর জনপ্রিয়তা রয়েছে। ফলে তাঁকে নিয়ে সিপিএম কর্মীরা লালঝান্ডা কাঁধে ময়দানে নেমে পড়েছেন। শুধুমাত্র বিজেপি শিবিরে হতাশা চোখে পড়েছে।

সম্পর্কিত সংবাদ