


নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: অবৈধ বালি কারবারিদের বিরুদ্ধে মঙ্গলবার গভীর রাতে জেলাশাসক বিধান রায় ফের একবার অভিযানে নামলেন। জেলাজুড়ে অজয় ও ময়ূরাক্ষীর একাধিক ঘাট ঘোরেন তিনি। যদিও লাভপুরে জেলাশাসকের গাড়ি পৌঁছতেই কারবারিদের কানে খবর পৌঁছে গিয়েছিল। জেলাশাসকের গাড়ি আটকাতে তারা মাঝ রাস্তায় বালি বোঝাই ডাম্পার দাঁড় করিয়ে দেয়। কিন্তু জেলাশাসক পুলিস ও আধিকারিকদের নিয়ে পায়ে হেঁটেই ময়ূরাক্ষীর মীরবাঁধ এলাকায় পৌঁছন। তবে এই ঘটনা নতুন নয়, সাম্প্রতিক অতীতেও অবৈধ বালির কারবারের বিরুদ্ধে অভিযানে নেমে বাধার মুখে পড়তে হয়েছিল জেলাশাসককে। রামপুরহাটে ময়ূরাক্ষী নদীর বুকে গড়ে ওঠা অবৈধ ঘাটে ঢোকার রাস্তা কাঠ ফেলে আটকে দেওয়া হয়েছিল। ঘটনা প্রসঙ্গে জেলাশাসকের স্পষ্ট বার্তা, নিয়ম ভেঙে কোনও নদী থেকেই বালি তুলে পাচার করা যাবে না। বিধান রায় বলেন, লাভপুরে একটি ঘাটে ঢোকার মুখে আচমকাই বালিবোঝাই গাড়ি দাঁড় করিয়ে চালক পালিয়ে গিয়েছিল। তবে হাঁটা পথেই অভিযান চালানো হয়েছিল। গোটা জেলাজুড়ে অভিযান চালিয়ে একাধিক বালিবোঝাই ডাম্পার, সাকশন পাইপযুক্ত বোট বাজেয়াপ্ত করা হয়েছে। আগামীতেও এই অভিযান জারি থাকবে।
রাজ্যের মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরই জেলা পুলিস ও প্রশাসন বালি পাচার রুখতে পদক্ষেপ করে। পুলিসের তরফে সারপ্রাইজ চেকিং শুরু হয়। পথে নামে এনফোর্সমেন্ট ব্রাঞ্চও। লাগাতার অভিযানে সাফল্যও মিলছে। মাঝেমধ্যেই বালিবোঝাই ডাম্পার ও ট্রাক্টর বাজেয়াপ্ত করা হচ্ছে। একাধিক ক্ষেত্রে ডাম্পার ও ট্রাক্টর চালককেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিস, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পাশাপাশি আসরে নামেন খোদ জেলাশাসকও। রাতের অন্ধকারে অজয় ও ময়ূরাক্ষীর নানা ঘাট পরিদর্শন শুরু করেন। সাম্প্রতিক অতীতেও তিনি আধিকারিকদের নিয়ে জেলাজুড়ে অভিযান চালিয়েছেন। এদিন রাতেও জেলাশাসক অভিযানে নামেন। জেলার সিউড়ি, রামপুরহাট ও বোলপুর মহকুমাজুড়ে অভিযান চালান। অজয় ও ময়ূরাক্ষীর একাধিক ঘাট পরিদর্শন করেন। অভিযান চলাকালে জেলাশাসকের নজরে একাধিক অসংগতি ধরা পড়ে। কোথাও মাঝনদীতে বোটের সঙ্গে সাকশন পাইপ জুড়ে নদী থেকে বালি তোলা হচ্ছিল। কোথাও আবার ডাম্পার ও ট্রাক্টরে বালিবোঝাই করে পাচার হচ্ছিল। তৎক্ষণাৎ জেলাশাসকের নির্দেশে বালি বোঝাই ডাম্পার, ট্রাক্টর ও সাকশন মেশিন যুক্ত বোট বাজেয়াপ্ত করা হয়েছে। তবে, অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে দুষ্কৃতীরা চম্পট দেওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলেই জানা গিয়েছে। বালিঘাটের অভিযানে জেলাশাসক। -নিজস্ব চিত্র